পাকিস্তানকে ১৮৪ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

দুই স্পিনার সাইদ আজমল ও শহিদ আফ্রিদির নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা গতকাল বুধবার শারজায় শুরু হওয়া পাচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৮৩ রানে অলআউট হয়ে যায়। পরিস্থিতি আরো খারাপ হতে পারতো টসে জিতে ব্যাটিং নেয়া দক্ষিণ আফ্রিকার জন্য। কেননা ৩৫ ওভারে ১২৯/৮ থেকে দলকে এতটা পথ টেনে নিয়ে যান আট নম্বর ব্যাটসম্যান ওয়েন পারনেল। তিনি ৭০ বলে ৫৬ রান তোলার পাশাপাশি নবম উইকেটে ৫২ রানের পার্টনারশিপ গড়েন লোনওয়াবো সোতসোবোর সাথে। সোতসোবো ১৬ রানে অপরাজিত ছিলেন। অফস্পিনার আজমল ৩০ রানে চার উইকেট নিয়ে টপ অর্ডারকে উপড়ে দেন। তার বলেই আউট হন গ্রায়েম স্মিথ (২০), ফ্যাপ ডু প্লেসিস (১২) ও ডি ভিলিয়ার্স (৪)। ৪৯ ওভারে পারনেলকে আউট করে নিজের ১৫০তম ওয়ানডে উইকেটের দেখা পান। অপরদিকে লেগ স্পিনার আফ্রিদি ৩৭ রান দিয়ে পান তিন উইকেট। তিনি মুলত লোয়ার অর্ডারে ধ্বস নামান।