তাইপেতে অনুষ্ঠিত আরচ্যারির খবর

গতকাল চাইনীজ তাইপেতে শুরু হওয়া ১৮তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বের খেলায় রিকার্ভ পুরুষ বিভাগে বাংলাদেশের রোমান সানা সুজন ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুঁড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬৩৫ স্কোর করে ২১তম স্থান পেয়েছেন। এই ইভেন্টে ১৮টি দেশের ৪৯ জন আরচ্যার অংশগ্রহণ করেন। আরেক আরচ্যার ইমদাদুল হক মিলন ৬১৬ স্কোর করে ৩৬তম এবং মোহাম্মদ দুরুল হুদা ৬০৪ স্কোর করে ৩৯তম র্যাংকিংয়ে রয়েছেন। মহিলা বিভাগে ৪৭ জন আরচ্যারের মধ্যে বাংলাদেশের মাথুই প্রু মারমা ৬১২ স্কোর করে ২৭তম র্যাংকিংয়ে ছিলেন। ইলিমিনেশন রাউন্ডের খেলায় পুরুষ বিভাগে ইমদাদুল হক মিলন কাজাকিস্তানের সাঈদিয়েব ঐবেককে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে আজ স্বাগতিক দেশ চাইনিজ তাইপের কো চেং উইয়ের বিরুদ্ধে লড়াই করবে। রোমান সানা সুজন ইরাকের মাহমুদ আহমেদকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে আজ তাইপের চু সু ইউর সাথে লড়াই করবে। দুরুল হুদা থাইল্যান্ডের দুয়াংসুয়ান খোমক্রিতের কাছে ০-৬ সেট পয়েন্টে হেরেছে। গতকাল মহিলা বিভাগে মাথুই প্রু মারমা ৩য় ইসলামিক সলিডারিটি গেমসে স্বর্ণপদক প্রাপ্ত ইন্দোনেশিয়ার সাফিত্রি ইরউইনাকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে আজ তাইপের লি চিয়েন ইয়িংয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্য দিকে ২০১৪ ইয়ুথ অলিম্পিক গেমসের কন্টিনেন্টাল কোয়ালিফায়িং টেস্টের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয় এই স্থানে। খেলায় পুরুষ বিভাগে ৮ দেশের ১৮ জন আরচ্যার অংশগ্রহণ করে। বাংলাদেশের প্রেননয় মুরং ৬০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুঁড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬১৬ স্কোর করে র্যাংকিংয়ে ৫ম ছিল। মহিলা বিভাগে ৮ দেশের ১৯ জন আরচ্যারের মধ্যে বাংলাদেশের হিরা মনি ৫৬২ স্কোর করে র্যাংকিংয়ে ১২তম ছিল। ইলিমিনেশন রাউন্ডে পুরুষ বিভাগে প্রেননয় মুরং আজ ফিলিপাইনের শান্তিয়াগো জন ফিলিপের সাথে এবং হিরা মনি ইরানের ফারাহমান্ড ডেলিয়ার বিরুদ্ধে খেলবে বলে জানিয়েছে ফেডারেশন।