গুপ্তচরবৃত্তিতে যুক্তরাষ্ট্রের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে

গুপ্তচরবৃত্তি ইস্যুতে যুক্তরাষ্ট্রের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এর আওতায় রয়েছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওপর দীর্ঘদিন ধরে এই গুপ্তচরবৃত্তি যুক্তরাষ্ট্র করে আসছে বলে ফাঁস হওয়া তথ্যে জানা গেছে। এদিকে গুপ্তচরবৃত্তি নিয়ে আলোচনার জন্য জার্মানি একটি গোয়েন্দা দল যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে গতকাল বুধবার। খবর বিবিসি ও রয়টার্সের। বিদেশি মিত্রদেশগুলোর নেতাদের ওপর গোয়েন্দাগিরির একাধিক খবরে যুক্তরাষ্ট্রের ওপর ক্ষোভ বাড়ছে। এনএসএ ওয়াশিংটন এবং জাতিসংঘেও ফরাসি নাগরিকদের ওপর গুপ্তচরবৃত্তি করেছে বলেও খবর পাওয়া গেছে। দেশগুলোর গুপ্তচরবৃত্তির নানা অভিযোগের ব্যাখ্যা দিতে এবং এ কর্মসূচির ব্যাপকতার বিষয়টি দৃশ্যত প্রেসিডেন্ট বারাক ওবামার কেন জানা ছিল না সে প্রশ্নের জবাব দেয়ার জন্য হোয়াইট হাউজের ওপর চাপ বাড়ছে। যদিও যুক্তরাষ্ট্রের সিনেট গোয়েন্দা কমিটি নজরদারি অভিযান পরিপূর্ণ পর্যালোচনা করে দেখার ঘোষণা দিয়েছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ফোনে আড়িপাতার ঘটনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মসূচি পরিপূর্ণভাবে পর্যালোচনা করে দেখার আহ্বান জানিয়েছেন ওবামা। মার্কেলের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা এবং জার্মানির গোয়েন্দা সমন্বয়ক হোয়াইট হাউজে বৈঠক করবেন। আগামী সপ্তাহে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরা ওয়াশিংটনে মার্কিন গোয়েন্দা প্রধানদের সঙ্গে আলোচনা করবেন। এ সপ্তাহের বৈঠকে দুই দেশের মধ্যে কিভাবে আস্থার সম্পর্ক গড়ে তোলা যায় তা নিয়ে আলোচনা হবে।