পাবনায় যুবলীগ ও পলাশে আওয়ামী লীগ কর্মী খুন

আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পাবনায় গেদা (২৮) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। শহরের পুলিশ লাইন মাঠসংলগ্ন সাহারা ক্লাব এলাকায় গতকাল বুধবার এ ঘটনা ঘটে। তিনি সাহারা ক্লাবের পূর্বদিকে মণ্ডলপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলায় আদালত থেকে গতকাল সকালে জামিন নিয়ে গেদা সাহার ক্লাবের সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। এদিকে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামে গত মঙ্গলবার রাতে আরমান মিয়া (৫০) নামে এক আওয়ামী লীগের কর্মীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। তিনি জয়নগর গ্রামের মৃত নূরচান মিয়ার ছেলে। পেশায় তিনি ভ্যান চালক ছিলেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আরমানের পরিবার সূত্রে জানা গেছে, একই গ্রামের হাবিজুল ও কাউছার গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় মোবাইলে ফোন করে আরমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর বাড়ির পাশের রাস্তায় একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। তার চিত্কার শুনে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত সাড়ে তিনটায় তিনি মারা যান।