সমঝোতা হলে নির্বাচন ২৪ জানুয়ারির পরও হতে পারে :সিইসি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২২:৪৯
প্রধান দুই দলের মধ্যে সমাঝোতা হলে আগামী ২৪ জানুয়ারির পরেও নির্বাচন হতে পারে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। তিনি বলেছেন, দুইপক্ষ রাজি থাকলে আলহামদুলিল্লাহ। তারা সমঝোতায় এসে যখন নির্বাচন চাইবে তখন নির্বাচন হবে। গতকাল বুধবার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে সিইসি বলেন, দুই দলের মধ্যে সরকার পদ্ধতি নিয়ে আলোচনার যে সুযোগ তৈরি হয়েছে আমরা এটাকে সুন্দর পরিবর্তন হিসেবে দেখছি। তাই আমরা আশা করছি এরই মধ্যে একটি সমাধান হবে। দুই দলের মধ্যে নির্বাচনকালীন সরকার কি হবে তা নিয়ে দুইপক্ষের মধ্যে আলোচনার কথা চলছে। আমরা আশার আলো দেখছি, দেশবাসী আশার আলো দেখছে। এ কারণে আমরাও একটু সময় নিচ্ছি।’
সিইসি বলেন, জাতি একটা কঠিন সময় পার করছে। আমরা এবং সবাই জটিল সময়ে আছি। তাই সবাই যাতে নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পান, নির্বাচনী মাঠ যাতে সবার জন্য সমান হয়, সে ব্যাপারে কমিশন সচেষ্ট থাকবে।
কাজী রকিব বলেন, যথাসময়ে নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে। তবে নিয়ম অনুযায়ী ৪০-৫০ দিন সময় রেখে তফসিল ঘোষণা করা হবে। এর জন্য আমরা সর্বদা প্রস্তুত। তফসিল ঘোষণার পর সবাইকে যথেষ্ট সময় দেয়া হবে।
আচরণবিধি প্রণয়নের বিষয়ে তিনি বলেন, আচরণবিধির কেবল একটা খসড়া তৈরি করা হয়েছে। এটা এখনো চূড়ান্ত করা হয়নি। যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের সমঝোতা হয়, তখন আবার এটা পরিবর্তন করা হবে।
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সিইসি বলেন, আগামী নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত। ইতিমধ্যে আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া অনুমোদন করা হয়।