মেহেরপুরে বাস-ট্রাক ধর্মঘট চলছে

মেহেরপুরের মোটর মালিক সমিতির সদস্য ও ট্রাক মালিক ফকির মহাম্মদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক ধর্মঘট চলছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে জেলা বাস-ট্রাক মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন ঐ ধর্মঘটের ডাক দেয়। ফলে আন্তঃজেলা ও দূরপাল্লার সকল রুটে বাস-ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় গাংনী হাসপাতালে ফকির মহাম্মদের ওপর আওয়ামী লীগের কিছু লোকজন হামলা চালায়। তাকে গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সাথে জড়িতদের গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে গাংনী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী জানিয়েছেন, জামায়াত নেতা ফকির মহাম্মদ নাশকতা সৃষ্টির জন্য হাসপাতালে এসেছিল এমন অভিযোগে স্থানীয় লোকজন তাকে পিটুনি দেয়। পরে তাকে পুলিশ হেফাজতে দেয়া হয়।