সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যুবাহিনী প্রধান মর্তুজা নিহত
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২২:৫৬
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শেলা নদীতে র্যাব-৮ এর সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় দুর্ধর্ষ বনদস্যু বাহিনী প্রধান মর্তুজা ওরফে রানা ও তার সেকেন্ড ইন কমান্ড মোশারফ শেখ নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১৫টি আগ্নেয়াস্ত্র ও ৫টি ধারালো অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। এদিকে দস্যু বাহিনী প্রধান মর্তুজা ও তার সহযোগী নিহত হওয়ার খবরে সুন্দরবনের জেলে-বাওয়ালীসহ বনজীবীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
র্যাব-৮ এর সিও লে: কর্নেল ফরিদুল আলম জানান, বুধবার সকালে বনের শেলা নদীতে র্যাব-৮ এর নিয়মিত টহলকালে নদীসংলগ্ন বনের মধ্যে দস্যুদের আনাগোনা ও কথাবার্তার শব্দ শুনে র্যার সদস্যরা বনের ভিতর প্রবেশ করে। এ সময় বনদস্যু মর্তুজা বাহিনী র্যাব সদস্যদের গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। সকাল ৭টা ৫০মিনিটে শুরু হওয়া উভয়ের মধ্যে বন্দুক যুদ্ধ চলে ৮টা ২৫ মিনিট পর্যন্ত। এ সময় উভয়ের মধ্যে প্রায় ৩৩৫ রাউন্ড গুলিবিনিময় হয়। বন্দুক যুদ্ধের এক পর্যায়ে বাহিনী প্রধান মর্তুজা হোসেন ওরফে রানা (৩০) ও তার সেকেন্ড ইন কমান্ড মোশারফ শেখ (২৯) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় বাহিনীর অন্য সদস্যরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা ২টি ১ নলা বন্দুক, ২টি দোনলা বন্দুক, ৩টি থ্রি নট থ্রি কাটা রাইফেল, ৭টি এলজি ও ১টি শার্টারগানসহ ৫টি রামদা, ৩৯ রাউন্ড তাজা গুলি, ১ একটি মোডিফাইড মোবাইল এ্যান্টেনা, ১টি বাইনোকুলার ও নগদ ১৯ হাজার ৬৭২ টাকা উদ্ধার করে।
র্যাব-৮ এর কর্মকর্তা মেজর আনোয়ার জানান, বনদস্যুদের বড় একটি দল সুন্দরবনের শেলা নদী এলাকায় জেলেদের অপহরণের প্রস্তুতি নিচ্ছে- এমন খবরের ভিত্তিতে বুধবার ভোরে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে র্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। তিনি আরো জানান, এক পর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবনের শেলা নদীর পূর্বপাড়ে বনদস্যুদের অবস্থান টের পেয়ে সেখানে অভিযান শুরু করে র্যাব। এ সময় বনদস্যুরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি চালায়।
মংলা থানার ওসি আমিনুল ইসলাম জানান, বাহিনী প্রধান মর্তুজা ও তার সহযোগীদের বিরুদ্ধে মংলা থানাসহ সুন্দরবন সংলগ্ন বিভিন্ন থানায় একাধিক মামলাসহ বিভিন্ন দস্যুতাবৃত্তির অভিযোগ রয়েছে। নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মর্তুজা মংলার জয়মনী এলাকার হাবিব শেখের পুত্র ও মোশারফ পার্শ্ববর্তী জয়মনীর ঘোল এলাকার আঃ মালেকের ছেলে।