জিয়ানগর উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবিরকে পুনর্বহাল
জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২২:৫৭
জিয়ানগর উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনুকে আর্থিক ক্ষমতা প্রদানপূর্বক উপজেলা চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উপজেলা নির্বাহী অফিসারকে ফ্যাক্স বার্তায় এ সংক্রান্ত নির্দেশনা প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুণ্ডু জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুস সবুর স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক গাজীকে আর্থিক ক্ষমতা থেকে অব্যাহতিপূর্বক ইকরামুল কবির মজনুকে উপজেলা চেয়ারম্যান পদে পুনর্বহাল ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।
২০০৯ সালে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন ইকরামুল কবির মজনু। চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন প্রায় দুই বছর। উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান ২০০৯ সালের ১০ মার্চ পিরোজপুর নির্বাচন ট্রাইব্যুনালে ইকরামুল কবির মজনুর হলফনামায় ত্রুটির অভিযোগ তুলে মামলা দায়ের করেন। ২০১১ সালের ২৭ জানুয়ারি নির্বাচন ট্রাইব্যুনাল পুনঃনির্বাচনের আদেশ প্রদান করে। ১০ ফেব্রুয়ারি আপিল ট্রাইব্যুনালে আপিল করেন ইকরামুল কবির মজনু। আপিল গৃহীত হয় এবং পুনঃনির্বাচনের আদেশ স্থগিত করা হয়। স্থগিতাদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন পরাজিত মতিউর রহমান। ফলে হাইকোর্ট আপিল ট্রাইব্যুনালের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করে। গত বছর ২৩ অক্টোবর প্রতিপক্ষের রিট হাইকোর্ট খারিজ করে দেয়ায় ইকরামুল কবির মজনুর আপিল বহাল থাকে। বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় ইকরামুল কবির মজনুকে উপজেলা চেয়ারম্যান পদে পুনর্বহাল ও আর্থিক ক্ষমতা প্রদানের নির্দেশনা দেয়া হয়।