সীমান্তে অনুপ্রবেশে সহায়তা করছে পাকিস্তান সেনাবাহিনী

ভারতের প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি অভিযোগ করে বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী সীমান্তপথে অনুপ্রবেশে সরাসরি সহায়তা করছে। বুধবার তিনি এ কথা বলেন। -খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সীমান্তে এ অনুপ্রবেশের ঘটনা রীতিমতো পাকিস্তান সেনাবাহিনীর ইন্ধনেই ঘটছে। তিনি বলেন, সামপ্রতিক সময়ে কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা আমাদের দারুণভাবে হতাশ করেছে। আমি এটা নিশ্চিত যে, তাদের প্রত্যক্ষ সমর্থন ছাড়া কোন কিছুই ঘটছে না। সীমান্তে হরহামেশা অনুপ্রবেশের বিষয়ে অ্যান্টনি বলেন, এটা পাকিস্তান সশস্ত্রবাহিনীর ইশারায়ই হচ্ছে, যাতে সন্দেহের কোন অবকাশ নেই বলে আমার বিশ্বাস। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ প্রতিহত করতে আমরা সচেষ্ট আছি এবং আমাদের নিরাপত্তার খাতিরে আমরা আমাদের অবস্থান ঠিক রাখবো। অ্যান্টনি বলেন, ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইসলামাবাদ যে বড় বড় কথা বলে, তা সত্যিকার অর্থে অন্তসারশূন্য। তাতে বাস্তবিক অর্থে কোন আন্তরিকতার ছোঁয়া নেই। তাই তিনি তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অবশ্য এর আগে ভারতের সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং বলেছিলেন, পাকিস্তান সেনাবাহিনী ও আইএসআইকে সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে হবে। তা নাহলে এ সমস্যা যে তিমিরেই ছিল সেই তিমিরেই থেকে যাবে।