বিদেশিরা বিদ্রোহীদের সাহায্য বন্ধ করলেই শান্তি আলোচনা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৩, ২০:৫৮
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জাতিসংঘ ও আরব দূতদের জানিয়েছেন বিদেশি রাষ্ট্রগুলো বিদ্রোহীদের সাহায্য বন্ধ করলেই শান্তি আলোচনা শুরু হতে পারে। আসাদ বলেন, বিদেশি রাষ্ট্রগুলো বিদ্রোহীদের সাহায্য বন্ধ করলেই তারা শান্তি আলোচনার ব্যাপারে আগাবে। এদিকে সিরিয়ার বিদ্রোহীদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের খবরে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।
গত বুধবার শান্তি দূত লাখদার ব্রাহিমির সাথে বৈঠকের সময় আসাদ একথা বলেন। তিনি বলেন, সিরিয়ার জনগণই সিরিয়ার ভবিষ্যত্ নির্ধারণ করবে এবং যেকোন চুক্তি ও সমঝোতা সিরিয়ার জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এতে তাদের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে।
জেনেভায় অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-রাশিয়া শান্তি আলোচনার পক্ষে সমর্থন সৃষ্টির জন্য আঞ্চলিক সফর করছেন ব্রাহিমিসহ জাতিসংঘ এবং আরব দূতরা। তারই অংশ হিসেবে আসাদের সাথে বৈঠক করেন ব্রাহিমি। বৈঠকে আসাদ বলেন, সন্ত্রাসীদের সাহায্য বন্ধ এবং সাহায্যকারী দেশগুলোকে চাপ প্রয়োগ করা হবে শান্তি প্রক্রিয়ার যথার্থ সূচনা। তবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম জানিয়েছেন, সিরিয়া জেনেভায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিবে।
গত বুধবার লেবাননের একটি টিভি চ্যানেলে সংবাদ প্রকাশিত হয় যে, জঙ্গিবাদের সাথে যুক্ত সিরিয়ার বিদ্রোহীরা তুর্কি সীমান্তে কুর্দিদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। এরপর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনাটির বিশদ তদন্ত দরকার।