তিয়েনআনমেন স্কোয়ারে বিস্ফোরণ সন্ত্রাসী হামলা : চীন

চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে সোমবারের গাড়ি বিধ্বস্তের ঘটনার সাথে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে দেশটির পুলিশ। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বুধবার প্রথমবারের মতো পুলিশ ঘটনাটিকে একটি ‘সহিংস সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছে। জানা গেছে, যে তিনজন ঐ গাড়িতে ছিলেন তারা সবাই জিনজিয়াং প্রদেশের অশান্ত পশ্চিমাঞ্চলের মুসলিম সংখ্যালঘু উইঘুর সমপ্রদায়ের লোক। ঐ ঘটনায় গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা দু’জন দর্শক নিহত এবং ৩৮ জন আহত হয়। সিনহুয়া জানায়, পুলিশ বলেছে, তিয়েনআনমেন স্কোয়ারে যা ঘটেছে তা একটি ‘সহিংস সন্ত্রাসী হামলা’, যেটি সতর্কভাবে পরিকল্পিত ও সংঘটিত হয়েছে।