এবার ধানে আগুন দিল হোসেনপুরের কৃষক

হোসেনপুরে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবিতে রাস্তায় ধান ফেলে আগুন দিয়ে বিক্ষোভ করেছেন কৃষকরা। গতকাল রবিবার সকালে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তায় কৃষক অধিকার রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক আলাল মিয়ার নেতৃত্বে এ এলাকার কৃষকরা এই কর্মসূচি পালন করেন। এ সময় কৃষকরা বিক্ষোভ মিছিলও করেন। বিক্ষোভ কর্মসূচিতে কৃষকদের উত্পাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি জানান।

‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আলাল মিয়া বলেন, প্রতি মণ ধান উত্পাদন করতে ৮৫০ টাকা থেকে ৯০০ টাকা খরচ। সে চিন্তা করে সরকার প্রতি মণ ধানের বাজার মূল্য ১০৪০ টাকা নির্ধারণ করে দিলেও বাজারে প্রতি মণ ধান ৫০০ টাকা থেকে ৫৫০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এতে কৃষকের লোকসান দিতে দিতে তাদের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে।

স্থানীয় কৃষক আলী হোসেন বলেন, আমরা যা উত্পাদন করি বিক্রি করতে গেলেই লোকসান দিতে হয়। আমাদের হাত থেকে তা চলে গেলে সেটিই কিনতে গেলে বেশি দামে কিনতে হয়।

কৃষক গিয়াস উদ্দিন বলেন, সরকার ধানের দাম ১০৪০ টাকা নির্ধারণ করলেও আমরা সে দামে কোনো ধান বিক্রি করতে পারছি না। এ রকম হলে আমরা কার কাছে যাব?

কৃষকরা জানিয়েছেন, কৃষকদের কাছ থেকে ধান কেনার কথা থাকলেও ৬টি মিলের মালিকরা তা মানছেন না। তারা কৃষকদের কাছ থেকে ধান না কিনে ফড়িয়াদের মাধ্যমে ধান কিনছেন।

উপজেলা ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ জানান, বস্তার অভাবে এখনো ধান সংগ্রহ করা যাচ্ছে না, তবে মিলারদের মাধ্যমে চাল সংগ্রহ শুরু হয়েছে।