এক মাসে ২৩০ রোহিঙ্গাকে মিয়ানমারে পুশব্যাক

কক্সবাজারের উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে রোহিঙ্গা অনুপ্রবেশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে। প্রত্যক্ষদর্শী গ্রামবাসীর দাবি, যে সমস্ত এলাকায় বিজিবি ক্যাম্প রয়েছে ওই সমস্ত এলাকা দিয়ে সীমিত সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশ করলেও বৃহত্তর অনুপ্রবেশকারী রোহিঙ্গার একটি অংশ সীমান্তের অন্যান্য পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় নিচ্ছে। বিজিবির সদস্যরা গত এক মাসে ২৩০ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আটক করে তাদের খাদ্য ও মানবিক সেবা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। ঘুমধুম বিজিবির সুবেদার মোজাম্মেল হক জানান, সীমান্ত এলাকার জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল উপযোগী রাস্তা না থাকায় বিজিবির সদস্যরা সীমান্ত পর্যবেক্ষণ ও টহল অব্যাহত রাখতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কক্সবাজার ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ হাসান বলেন, চলতি অক্টোবর মাসে মোট ২৩০ জন অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।