সংবাদ সংক্ষেপ

মুন্সীগঞ্জে হুইপ এমিলির বাসায় ককটেল হামলার প্রতিবাদ মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গত বুধবার দুপুরে জাতীয় সংসদের হুইপ ও মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির পল্টনের বাসায় বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে সমাবেশে বক্তারা হুইপের বাসায় ককটেল হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি করেন। এ সময় টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতা টাঙ্গাইল প্রতিনিধি \ টাঙ্গাইল শহরের জেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে গত বুধবার আন্তঃউপজেলা শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বেসরকারি সংস্থা ব্র্যাক। প্রতিযোগিতা উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শোয়াইব হোসাইন। সভাপতিত্ব করেন ব্র্যাকের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মনির হোসাইন খান। জেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাসেত মিঞা এ সময় বক্তব্য রাখেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিয়ে বাঘিল কেকে উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে নরিল্লা উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের শারমিন আক্তার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে। পটুয়াখালী-৩ আসনে যুবলীগ নেতার গণসংযোগ গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর মধ্যে যুবলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক তরুণ শিল্পপতি নীলসাগর গ্রুপের ভাইস চেয়ারম্যান কামরান শহিদ প্রিন্স মহব্বাত বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। কালিয়াকৈরে সরকারি বাসভবন ভাড়া দেয়ার অভিযোগ কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বন সম্প্রসারণ কেন্দ্রের কর্মকর্তা (রেঞ্জার) সুকুমার বৈদ্যের বিরুদ্ধে সরকারি বাসভবন ভাড়া দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার মৌচাক বন সম্প্রসারণ কেন্দ্রে রেঞ্জারের জন্য রক্ষিত বাসভবনে ৪টি কক্ষ রয়েছে। তিনি ওই সব কক্ষে নিজে না থেকে বহিরাগতদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে ১০ হাজার টাকা আদায় করে পকেটস্থ করছেন। এ ব্যাপারে রেঞ্জার সুকুমার বৈদ্য জানান, রেঞ্জারের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত বাসভবনে তিনি থাকেন না। তারপরও সরকার তার কাছ থেকে প্রতিমাসে ভাড়া কেটে নেয়। তাই তিনি বাধ্য হয়ে ওই সব কক্ষ ভাড়া দিয়েছেন। এব্যাপারে বিভাগীয় সহকারী বন সংরক্ষক সালেক প্রধান বলেন, বিষয়টি আমার জানা নেই। ত্রিশালে বিএনপি নেতার দোকানে সন্ত্রাসী হামলা ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশালে গত বুধবার পৌর মার্কেটে বিএনপি নেতার দোকানে সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর করেছে। পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগ নেতা বিল্লালের নেতৃত্বে ৩০/৪০ জনের সন্ত্রাসী দল গো-হাটা পৌর মার্কেটের বিএনপি নেতা শাহ শহিদুল আলম বাবুলের শাহ লাজুক ফার্নিচার মার্ট ও শাহ ক্রোকারিজে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় সন্ত্রাসীরা বাবুলের একটি এপাচি হোন্ডা ভাংচুর করে দোকান থেকে আনুমানিক ৪ লাখ টাকা নিয়ে যায় বলে দোকানের ম্যানেজার কামাল হোসেন জানান। মদনে ৬টি কর্মকর্তার পদ দীর্ঘদিন শূন্য মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ উপজেলার ৬ দপ্তরের কর্মকর্তার পদ দীর্ঘদিন যাবত্ শূন্য থাকায় দাপ্তরিক কাজের বিঘ্ন সৃষ্টির পাশাপাশি জনদুর্ভোগ চরমে। উপজেলার শূন্য কর্মকর্তার পদগুলো হলো, সহকারী কমিশনার ভূমি, জনস্বাস্থ্য প্রকৌশলী, কৃষি কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা। উপজেলার সমাজসেবা কর্মকর্তা জেলার উপ-পরিচালকের দায়িত্বে থাকায় উপজেলায় দাপ্তরিক কাজের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার সপ্তাহে ১ দিন অফিস করায় জমি ক্রয়-বিক্রয়ের দলিল করতে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার শূন্য পদগুলো পূরণের বিষয়ে জেলা সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মধুখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গত বুধবার মধুখালীতে ব্র্যাকের জিকিউএএল-এর আয়োজনে ‘নারীর প্রতি সকল ধরনের নির্যাতন, যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন’ স্লোগানকে সামনে নিয়ে নারীদের জীবনমান উন্নয়ন, নারী-পুরুষকে সংগঠিত করাসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অভিজ্ঞতা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন জিকিউএএল-এর সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. সারোয়ার হোসাইন, জিকিউএএল-এর জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, জেন্ডার ট্রেইনার গৌর পদ, প্রেসক্লাব মধুখালীর সভাপতি এ, কে এম ইলিয়াস সিদ্দিকী, সাংবাদিক বিকে সিকদার সজল প্রমুখ। পটুয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালন পটুয়াখালী প্রতিনিধি \ পটুয়াখালীতে গত বুধবার জেলা সদরে কর্মরত সাংবাদিকরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দেশব্যাপী বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এ কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন দৈনিক পটুয়াখালীর প্রকাশক ও সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, দৈনিক সাথীর সম্পাদক এইচ.এম আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক এডভোকেট সোহরাব হোসেন, সাবেক সভাপতি মোঃ আবু জাফর খান, সাবেক সাধারণ সম্পাদক কাজল বরণ দাশ, দৈনিক পটুয়াখালীর বার্তা সম্পাদক মোঃ জালাল আহমেদ, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ। সিংগাইরে মুক্তিযোদ্ধা নতুন প্রজন্ম জনতা সমাবেশ সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনীর মধ্যদিয়ে ঐতিহাসিক গোলাইডাঙ্গা যুদ্ধ দিবস উপলক্ষে গত বুধবার সিংগাইর মুক্তিযোদ্ধা—নতুন প্রজন্ম—জনতা সমাবেশ হয়েছে। জানা যায়, ১৯৭১ সালের এইদিনে গোলাইডাঙ্গার তিন খালের সংযোগস্থলে যুদ্ধকালীন কমান্ডার প্রকৌশলী তোবারক হোসেন লুডুর নেতৃত্বে পাকবাহিনীর সঙ্গে যুদ্ধে প্রায় ১৫০ জনের সাথে মাত্র ৩০ জন মুক্তিযোদ্ধা নিয়ে ৮১ পাকসেনাকে হত্যা করেন। পরেরদিন প্রতিশোধ নেয়ার জন্যই সাভার ও ঢাকা থেকে প্রায় ২শ’ হানাদার বাহিনী এখানে এবং আশপাশের গ্রামে গান পাউডার দিয়ে জ্বালিয়ে নৃশংস গণহত্যা চালায়। বৃহত্তর ঢাকা জেলার এটাই ছিল সবচেয়ে বড় যুদ্ধ । হোসেনপুরে সেবা সপ্তাহ উপলক্ষে রোড শো হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা \ পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে গত বুধবার গোলচক্কর মোড় থেকে রোড শো অনুষ্ঠিত হয়েছে। রোড শো উদ্বোধন করেন ইউএনও মো:আবুল কালাম আজাদ। এসময় উপ-পরিচালক মো:হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান লুনা আক্তার, উপজেলা প.প. কর্মকর্তা মো:রফিকুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন। হিলিতে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ পালন হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা \ হিলিতে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান আলী প্রমুখ। স্বরূপকাঠিতে বালাইনাশকের ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠিতে বালাইনাশকের নিরাপদ ও বিচক্ষণ ব্যবহার শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শহীদুল্ল¬াহ। বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ এস এম শরিফ, সম্পাদক কৃষিবিদ মো. নিজামুল হাসান প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। শেরপুরে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ শেরপুরে সীমাবাড়ি সানরাইজ একাডেমীর শিশুদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। গত বুধবার একাডেমী পরিচালনা কমিটির সভাপতি মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিচালক মোঃ শহীদুল ইসলাম, কমিটির সদস্য মোঃ হেলাল উদ্দিন, গ্রামীণ কল্যাণ স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ সোহেল রানা, পরিবেশবাদী আব্দুর রাজ্জাক নাছিম, খোরশেদ আলম, অধ্যক্ষ মোছাম্মাত্ দিলরুবা খাতুন প্রমুখ। গাংনীতে জামায়াত নেতাকে গণপিটুনি গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ মেহেরপুরের গাংনী উপজেলার ফকির মোহাম্মদ (৫০) নামের এক জামায়াত নেতাকে ঘরের মধ্যে আটকিয়ে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। আহত জামায়াতের রুকন ফকির মোহাম্মদ গাঁড়াডোবা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে ও কৃষি ব্যাংকের মেহেরপুর শাখার সুপারভাইজার। গাংনী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী জানান, জামায়াত নেতা ফকির মোহাম্মদ ইতোপূর্বে বোমা তৈরিসহ পুলিশের উপর হামলা করেছিল। তিনি বোমাবাজির মামলায় হাজত খেটেছেন। তাই স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দিয়ে গাংনী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। নজরুল ইসলাম সিরাজগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষক চলনবিল (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত ২ বছর এ বিদ্যালয়টি সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল। জানা যায়, জেলায় ৯টি উপজেলায় ও কয়েকটি পৌরসভার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে যাচাই-বাছাই করে বিচারকমন্ডলী তাকে ২০১৩ সালের সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছেন। নজরুল ইসলাম ১৯৯৮ সালে স্নাতক ডিগ্রী লাভের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৯ সালে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে তিনি তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। জিয়ানগরের বিয়ন বরণ হালদার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা \ জিয়ানগরের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন বিয়ন বরণ হালদার। গত মঙ্গলবার জিয়ানগরের ২০ নং সেউতিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিয়ন বরণ হালদারকে প্রাথমিক স্তরে ২০১৩ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুন্ডু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম। ধামইরহাটে ব্র্যাকের মতবিনিময় সভা ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ ব্র্যাক ধামইরহাট উপজেলার অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ-এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার প্রাণী সম্পদ অফিসার ড. মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রাণী সম্পদ বিভাগের সেবাসমূহে অতিদরিদ্রদের বিশেষ গুরুত্ব প্রদানে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ নূরুল ইসলাম। বিশেষ অতিথি নওগাঁ জেলা ব্র্যাক প্রতিনিধি রেজাউল করিম খান। ব্র্যাকের কর্মসূচি সম্পর্কে বিষয় উপস্থাপন করেন নওগাঁ জেলা অতিদরিদ্র কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট শাহীনুর রহমান, ধারণাপত্র পাঠ করেন নওগাঁ জেলা সোশ্যাল কমিউনিকেটর (অ্যাডভোকেসি) শেখ আঃ করিম। উলিপুরে ফেন্সিডিলসহ এক ব্যক্তি আটক উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে ফেন্সিডিলসহ কামাল উদ্দিন শেখ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা যায়, গত বুধবার বিকালে তাকে উলিপুর এম,এস স্কুল এন্ড কলেজের সামনে থেকে ৩ বোতল ফেন্সিডিলসহ আটক করে। সে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের জাদুপোদ্দার গ্রামের মৃত আছুর উদ্দিনের পুত্র।