‘৩রা নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানকে পবিত্র করা হবে’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ২৫ অক্টোবর যুদ্ধাপরাধীদের দল জামায়াত-শিবির নিয়ে সমাবেশ করে এবং একাত্তরের ঘাতকদের মুক্তি চেয়ে মুক্তিযুদ্ধের মহান নিদর্শন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে অপবিত্র করেছেন। ৩রা নভেম্বর সমাবেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লাখো জনতার পদধূলিতে এই উদ্যানকে পবিত্র করা হবে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাথে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের এক যৌথসভায় তিনি একথা জানান। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, চোরাগুপ্তা হামলা ও বোমাবাজি ছেড়ে প্রকাশ্যে মাঠে আসুন। মায়া বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের চেয়ারম্যান আব্দুল হক সবুজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, উপদপ্তর সম্পাদক জামাল উদ্দিনসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।