গাজী শীর্ষে, আবাহনীর প্রথম পয়েন্ট

গাজী ট্যাংক ক্রিকেটার্স নয় উইকেটে শেখ জামালকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শীর্ষে উঠে এসেছে। দীর্ঘ বিরতির পর গতকাল বৃহস্পতিবার আবার মাঠে গড়ানো এই লিগের অষ্টম রাউন্ডে অন্য খেলাগুলোয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৬৬ রানে কলাবাগান ক্রিকেট একাডেমিকে হারিয়ে দ্বিতীয় স্থান দখল করে। অপরদিকে প্রথম জয়ের দেখা পায় আবাহনী লিমিটেড। এবারের লিগে আগেও একটা ম্যাচ জিতেছিল আবাহনী লিমিটেড। কিন্তু সেই ক্রিকেট কোচিং দল (সিসিএস) প্রিমিয়ার লিগ থেকেই অবনমিত হয়ে যায়। তাই সেই জয়ের সুবাদে পাওয়া পয়েন্টগুলোও হারাতে হয় আবাহনীকে। এ বিবেচনায় কার্যত গতকালই লিগের প্রথম পয়েন্ট পেল ঐতিহ্যবাহী দলটি। গতকাল বিকেএসপি’র তিন নম্বর মাঠে তারা চার উইকেটে হারায় গতবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার ও রাসেল আল মামুনের জোড়া ফিফটিতে ২৩৪ রানের টার্গেট দেয় ভিক্টোরিয়া। জবাবে লুকরাইটের ফিফটি ও মোসাদ্দেক হোসেনের ৩৮ রানে ভর করে জয় তুলে নেয় আবাহনী। এদিকে রাজশাহীতে চলতি লিগের সর্বোচ্চ রান করে ১৬৬ রানে কলাবাগান ক্রিকেট একাডেমীকে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। জিম্বাবুইয়ের ব্রেন্ডন টেইলরের মাত্র ৪৬ বলে ঝড়ো ১০০ এবং ওপেনার সৈকত আলীর ১০৩ রানের অপরাজিত ইনিংস দু’টির সুবাদে তিন উইকেটে ৩৫৩ রান করেছিল প্রাইম। জবাবে ১৮৭ রানেই গুটিয়ে যায় কলাবাগান একাডেমি। বগুড়ায় দিনের আরেক ম্যাচে শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৯ উইকেটে বিধ্বস্ত করে শীর্ষে উঠেছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। ইমরুল কায়েস ও আফগান ক্রিকেটার ওসমান তারিকের সেঞ্চুরিতে এই জয় তুলে নেয় গাজী ট্যাংক। বগুড়াতে টসে হেরে ব্যাট করতে নেমে জহুরুল ইসলাম ও জুনায়েদ সিদ্দিকির জোড়া ফিফটির পরও শেখ জামালের সংগ্রহ দাঁড়ায় ৪৭.১ ওভারে ২২৫ রান। জবাবে দলীয় ৪০ রানে প্রথম উইকেট হারালেও ইমরুল কায়েস ও ওসমান তারিকের ১৮৭ রানের জুটিতে জয় তুলে নেয় গাজী। ইমরুল কায়েস ৯৪ বলে করে ১০৪ রান ও ওসমান ১১৪ বলে অপরাজিত ১০৫ রান করেন।