পাকিস্তান দ. আফ্রিকা ২য় ওয়ানডে আজ

ব্যাটসম্যানদের ভুল শোধরাতে বললেন ক্ষুব্ধ মিসবাহ

ক্ষুব্ধ পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক দক্ষিণ আফ্রিকার কাছে এক রানের হারটি ভুলে সামনে এগিয়ে যেতে তার দলসঙ্গীদের প্রতি আহবান জানিয়েছেন। আজ শুক্রবার অনুষ্ঠেয় দ্বিতীয় ওয়ানডেটির আগে একই সাথে ব্যাটসম্যানদের নিজেদের ভুলগুলোও শুধরে নিতে বলেন তিনি। পাকিস্তান গত বুধবার রাতে দুবাইয়ে দিনরাত্রির খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে প্রায় জেতা ম্যাচটি হেরে বসে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি ৬ নভেম্বর আবুধাবীতে অনুষ্ঠিত হবে। জয়ের জন্য ১৮৪ রানের মামুলি লক্ষ্য নিয়ে নিজেদের ‘হোম’ ভেন্যুতে পাকিস্তান দল ৪১তম ওভারে চার উইকেটে ১৬৫ রান তুলে জয়ের প্রান্তেই ছিল। কিন্তু এর পরই ৩৯ বলে ১৭ রানের সঞ্চয়ে অবশিষ্ট ছয়টি উইকেট খোয়ায় মিসবাহ’র দল। তারপরও দ্বিতীয় ওয়ানডেটিকে ভিন্ন প্রেক্ষিতের খেলা উল্লেখ করে তিনি বলেন,‘গত ম্যাচে কি ঘটেছে সেটা ভাবলে ব্যাপারটা কঠিন হবে। আমরা অবশ্যই সেটা ভুলে যাবো এবং আমাদের প্রত্যেক খেলোয়াড়ের উচিত পরবর্তী খেলাটিকে নতুন হিসেবে নেয়া।’ দক্ষিণ আফ্রিকা এদিন মূলত আট নম্বর ব্যাটসম্যান ওয়েন পারনেলের অলরাউন্ড নৈপুণ্যে শেষ পর্যন্ত ম্যাচটি জিতে যায়। ব্যাট হাতে তার ৭০ বলে ৫৬ রান সফরকারীদের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৮৩ রান তুলতে সাহায্য করে। পারনেলই ৩৫ ওভারে ১২৯/৮ থেকে দলকে এতটা পথ টেনে নিয়ে যান। এছাড়াও তিনি নবম উইকেটে ৫২ রানের পার্টনারশিপ গড়েন লোনওয়াবো সোতসোবোর সাথে। সোতসোবো ১৬ রানে অপরাজিত ছিলেন। পারনেল এরপর আট ওভার বল ছুঁড়ে ৪১ রানে তিন উইকেট নেন। ব্যাটিং ও বোলিংয়ে অবদান রেখে দলকে জেতানোর জন্য পরে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পান তিনি। এ ব্যর্থতার প্রেক্ষিতে পাকিস্তান অধিনায়ক জানান যে তিনি আরো একবার ব্যাটসম্যানদের নিয়ে হতাশ। তিনি বলেন, শেষ ছয় ব্যাটসম্যানের ব্যাট চালিয়ে যাওয়া উচিত ছিল। বিশেষ করে তারা যখন জানতো কত রান তোলা দরকার। এটা খুবই হতাশাব্যঞ্জক যে তারা দায়িত্বজ্ঞানহীন শট খেলেছে। আমি মনে করি এ ধরনের পরিস্থিতিতে কি ভাবে খেলা উচিত সেটা বোঝার জন্য এটিই সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। মিসবাহ এ প্রসঙ্গে পারনেল ও সোটসোবোর কাছ থেকে শেখার আহবান জানান। -ডনডটকম