বিজেএমসিতেই থাকছেন ওয়াজেদ গাজী
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৩, ২২:০৮
প্রবীণ ফুটবল কোচ ওয়াজেদ গাজী এ বছরও বিজেএমসি ফুটবল দলেই থাকছেন। তিনি দলের উপদেষ্টা কোচ হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করবেন। গতকাল খেলোয়াড় রেজিস্ট্রেশনের দিন উপস্থিত ছিলেন ওয়াজেদ গাজী। আরিফ খান জয় তার হাত দিয়ে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন ফরম লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর কাছে জমা দিয়েছেন। এক সময় বিজেএমসি ফুটবল দলে খেলেছেন। তখন নাম ছিল ইপিআইডিসি, পরবর্তীতে পিআইডিসি হয়ে এখন বিজেএমসি।
খেলেছেন ওয়ান্ডারার্স, মোহামেডানে। কলকাতা লিগেও খেলেছেন। খেলোয়াড়ী জীবন শেষ করে ঢাকার ক্লাবগুলোয় কোচিং করিয়েছেন তিনি। রহমতগঞ্জ, মুক্তিযোদ্ধা, আরামবাগ, শেখ রাসেল, ব্রাদার্সের কোচ ছিলেন তিনি। শারীরিকভাবে খুব ভালো নেই ওয়াজেদ গাজী। তারপরও এতোটুকু ক্লান্তি নেই। সকালে সবার আগে অনুশীলন মাঠে হাজির হয়ে যান খেলোয়াড়দের সবার প্রিয় ওস্তাদ গাজী। বিজেএমসির ফুটবল দলের সভাপতি আরিফ খান জয় সবসময় এই মানুষটিকে দলের সাথে সম্পৃক্ত রেখেছেন। যেন ফুটবল নিয়েই বেঁচে থাকতে পারেন। ওয়াজেদ গাজীর খেলোয়াড়ী জীবনের স্মৃতি, দুপুর ১২টায় বাবা মারা গেছেন, বিকালে খেলতে গিয়ে দলকে জিতিয়ে সন্ধ্যায় বাবাকে কবরে শুইয়ে দিয়েছেন। এমন মানুষটা কি ফুটবল ছাড়া বাঁচতে পারে।