সারাদেশে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৩, ২২:৫৫
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ ীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা। এসব সমাবেশে বক্তারা বলেন, সরকার গণদাবি উপেক্ষা করে ১৮ দলীয় জোটকে বাইরে রেখে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। সমাবেশ থেকে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারেরও প্রতিবাদ জানানো হয়।
খুলনা অফিস জানায়, বৃহস্পতিবার বিকালে নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয় চত্বরে ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি। সমাবেশে বক্তব্য রাখেন, কেসিসির মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মহানগর বিজেপি সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, মুসলিম লীগ সভাপতি সিরাজুল ইসলাম, লেবার পার্টি সভাপতি লোকমান হাকিম, পিপলস লীগের সভাপতি ডা. সৈয়দ আফতাব হোসেন, জাগপা সভাপতি সালাউদ্দিন মিঠু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা প্রমুখ।
পিরোজপুর অফিস জানায়, বৃহস্পতিবার বিকালে পিরোজপুরে জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। শহরের পোস্ট অফিস সড়ক থেকে শহরে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কৃষ্ণচূড়া মোড়ে শেষ হয়। জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, এডভোকেট আবুল কালাম আকন, আব্দুস সালাম বাতেন, এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, শেখ শহিদুল্লাহ প্রমুখ।
যশোর অফিস জানায়, যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রফিকুর রহমান তোতন, আব্দুস সবুর মণ্ডল, সৈয়দ সাবেরুল হক সাবু, মিজানুর রহমান খান, আব্দুস সামাদ আজাদ, দেলোয়ার হোসেন খোকন, নুরুননবী, কাজী আজম প্রমুখ। সমাবেশ শেষে দড়াটানা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
রাজশাহী অফিস জানায়, রাজশাহীর চারঘাটে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার মেরামতপুর গ্রামের বিএনপি নেতা হাফিজুর রহমান (৩৫) ও গৌরশহরপুর এলাকার সোহেল রানা (৩০)।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়েরকৃত দ্রুত বিচার মামলার পলাতক আসামি ৯ বিএনপি ও জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এরা হলেন, বিএনপির মোঃ আতিয়ার (৩০), বাবু ওরফে মোমিন (২০), আব্দুল হামিদ (৪০), শরিফ উদ্দীন (৪২), জয়নাল আবেদিন (৩৫), জামায়াতের মহসিন আহমেদ (৪৮), আঃ হাকিম (৩৮), ছাত্র শিবিরের হাবিবুর রহমান (২৪) ও ময়নুল ইসলাম (২৩)।
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, ডুমুরিয়া উপজেলার জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমীর মাওলানা হাবিবুর রহমান মোল্ল্যাকে (৪৫) বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। তাকে একটি পেন্ডিং মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, লাকসামে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় বিএনপির ৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ দুপুরে মাস্টার শাহ আলমকে এবং আগের রাতে সেলিম মিয়া ও আনোয়ার হোসেন পাশাকে গ্রেপ্তার করেছে।
আমতলী (বরগুনা) সংবাদদাতা জানান, আমতলী ও তালতলী উপজেলায় বুধবার রাতে বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন, আমিনুল ইসলাম আলামিন, নিজাম ছগির আকন, শাহিন, নাসির, শহিদুল ইসলাম বাহাদুর, মাওলানা মো: ফারুক, মাসুদ রানা ও মো: রুবেল। তাদের বৃহস্পতিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
জামালপুর প্রতিনিধি জানান, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফয়জুল ইসলাম লাঞ্জুসহ ৮ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। ১৮ দলের ৬০ ঘন্টার হরতাল চলাকালে আওয়ামী লীগ অফিস ভাঙচুর, কর্মীদের মারধর করার অভিযোগে মাদারগঞ্জ থানায় করা এক মামলায় তাদের গ্রেফতার করা হয়।
ঘোড়াশালে ১৮ দলের মিছিল থেকে হামলা
নরসিংদী প্রতিনিধি জানান, পলাশের ঘোড়াশালে বৃহস্পতিবার ১৮ দলের বিক্ষোভ মিছিল থেকে ঘোড়াশাল বাজারের আজিজ স্টুডিও, ঘোড়শাল ছাত্রলীগ কার্যালয়, বই বিতান নামে একটি লাইব্রেরি ও একটি ফার্নিচারের দোকান ভাংচুর করেছে। মিছিলটি ঘোড়াশাল বাজার প্রদক্ষিণকালে মিছিল থেকে জামায়াত শিবিরের লোকজন এ ঘটনা ঘটায়। এসময় তারা ঘোড়াশাল পৌরসভা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ক্ষতিসাধন করে। আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, পুলিশ মিছিলের সাথে থাকলেও কোন পদক্ষেপ নেয়নি।
বিএনপির দুই সম্ভাব্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, শাহজাদপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে সম্ভাব্য দুই এমপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে যুবদল নেতা মনিরুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়ায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী অফিস: নগরীর ভুবনমোহন পার্কে নগর ১৮ দলের সদস্য সচিব ও নগর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নগর ১৮ দলের যুগ্ম আহবায়ক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি মাইনুল ইসলাম ও মাহাবুবুল হাসান বুলবুল, যুবদল কেন্দ ীয় সদস্য ও নগর যুগ্ম আহবায়ক আসলাম সরকার, নগর যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান রিটন ও রাবি ছাত্রশিবির সভাপতি আশরাফুল আলম ইমন প্রমুখ।
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরে ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিলশেষে প্রতিবাদ সভায় ধাওয়া করে পুলিশ বিএনপি কর্মী আবুল কাসেম, সামাদ, সারফুল, ফিরোজকে গ্রেফতার করে।