শিক্ষকের ‘আদেশ’ পালনে ৩০ তলা থেকে লাফ!

শিক্ষাগুরুর উপর ভক্তি নিয়ে অনেক গল্প উপন্যাস আছে। সেসব গ্রন্থে শিক্ষকের প্রতি ছাত্রের অসীম ভক্তির নমুনা প্রদর্শন করা হয়। ছাত্ররা অনেক ত্যাগ স্মীকার করে থাকে শিক্ষকের জন্য। কিন্তু ‘ভক্তির’ সব সীমা ছাড়িয়ে গেছে চীনের ১০ বছর বয়সী এক ছাত্র। ক্লাসের সময় কথা বলায় শিক্ষক তাকে আদেশ করেন ৩০ তলার উপর থেকে নিচে ঝাঁপ দিতে। শিক্ষকের ‘আদেশ’ বলে কথা! ছাত্রটি বিন্দুমাত্র ইতস্তত না করে সত্যিই ৩০ তলা থেকে নিচে লাফ দেয়। কিন্তু তার এই গুরুভক্তি শিক্ষককে কতটা খুশি করতে পেরেছে তা দেখার সৌভাগ্য হয়নি তার। কারণ মুহুর্তেই ঘটনাস্থলে মৃত্যুদূত এসে হাজির হয়। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে গতকাল এখবর প্রকাশ করা হয়। সূত্র জানায়, পঞ্চম গ্রেডের ক্লাস চলাকালীন ওই ছাত্রটি কথা বলায় ক্ষিপ্ত হন শিক্ষক। তিনি ছাত্রটিকে বলেন ১ হাজার অক্ষরের একটি ‘আত্ম সমালোচনা’ নিবন্ধ লিখতে। কিন্তু ছাত্রটি লিখতে ব্যর্থ হয়। এরপর শিক্ষক তাকে আদেশ করেন ৩০ তলা থেকে নিচে লাফিয়ে পড়তে। ছাত্রটি লাফ দেয়ার পর নিচে দাঁড়িয়ে থাকা এটি প্রাইভেট কারের ছাদের উপর গিয়ে পড়ে। ছাদটি ভেঙ্গে সে ভেতরে ঢুকে যায়। এই ঘটনায় নিহত ছাত্রটির ক্ষুব্ধ পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ করে শিক্ষকের বিচার দাবি করেছে।