সংঘাত ও সন্ত্রাস সৃষ্টি করে রাজনীতি করা যায় না

চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানিয়ে বলেছেন, সংঘাত ও সন্ত্রাস সৃষ্টি করে সৃজনশীল রাজনীতি করা যায় না। গতকাল বৃহস্পতিবার লালদীঘির ময়দানে মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতির ভাষণে তিনি একথা বলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নাই। সম্প্রতি টেলিফোন আলাপের সময় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া যেসব আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন তা রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত। আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন প্রমুখ।