খালেদা জিয়া এজেন্ডা ছাড়া আলোচনায় অংশ নেবেন না

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, বেগম খালেদা জিয়া এজেন্ডা ছাড়া কোনো আলোচনায় অংশ নেবেন না। খালেদা জিয়া ডিনারের নেতা নন, গণমানুষের নেতা। তাই ডিনারের আমন্ত্রণ জানিয়ে তাকে গণভবনে নেয়া যাবে না। প্রধানমন্ত্রীকেই খালেদা জিয়ার কাছে আসতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর কাজীর দেউড়ি মোড়ে ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, অন্যথায় তীব্র গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। তিনি ১৮ দলীয় জোটের ৬০ ঘন্টার হরতালে নিহতদের গায়েবানা জানাজায় শরীক হওয়ার আহ্বান জানান। আজ শুক্রবার বাদ জুমা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হবে। মহানগর জামায়াতের সভাপতি শামসুল ইসলাম এমপি সভায় সভাপতিত্ব করেন।