লোক দেখানোর জন্য প্রধানমন্ত্রী ফোন করেছেন :মওদুদ
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৩, ২৩:০৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সমঝোতা বা সংলাপের জন্য নয় প্রধানমন্ত্রী লোক দেখানোর জন্য বিরোধী দলীয় নেত্রীকে ফোন করেছেন। গত প্রায় পাঁচ বছরে সীমাহীন তিক্ততার পর তিনদিনের হরতাল শুরুর ছয় ঘণ্টা আগে তিনি ফোন করেছেন। এটা লোক দেখানো ছাড়া আর কিছু না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি সংলাপ চাইতেন তাহলে লাল টেলিফোন নিয়ে এত নাটক করতেন না। এছাড়া ফোনালাপে ২১ আগস্ট প্রসঙ্গ, বিরোধী দলীয় নেত্রীর জন্মদিন প্রসঙ্গ উঠিয়ে অযথা কালক্ষেপণ করতেন না।
গতকাল জাতীয় প্রেসক্লাবে বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদ আয়োজিত ‘সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি এখনো মনে করি সংলাপের দরজা খোলা আছে। খালেদা জিয়া দাওয়াত প্রত্যাখ্যান করেননি। ২৯ নভেম্বরের পরে যে কোন সময়ে দাওয়াত গ্রহণে তিনি প্রস্তুত। তিনি বলেন, বিএনপি সবসময় সমঝোতার পক্ষে।
মওদুদ বলেন, সরকার দলীয় স্বার্থে ও রাজনীতিকে ধ্বংস করতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করেছে। এতে রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে যাবে। এ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ নিজ দলের ত্যাগী নেতা-কর্মীদেরও অপমান করেছেন।
তিনি আরো বলেন, এই নির্বাচন কমিশন যে অপদার্থ, পদলেহী মানুষ তা বুঝতে পারে। সরকারি সুবিধা নিয়ে কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না- এমন আইন করা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী সরকারি সুবিধা নিয়ে সারাদেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সে ব্যাপারে এ কমিশন নিশ্চুপ।
টেলিফোন আলাপ ওয়েবসাইটে প্রকাশ প্রসঙ্গে তিনি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে বলেন, এটি আইন বিরোধী। কিন্তু তারপরেও যত বেশি ইচ্ছা আপনারা প্রচার করুন। এতে কথোপকথন প্রকাশ করায় খালেদা জিয়াই জয়লাভ করেছেন। কারণ এ সংলাপ যত বেশি প্রচারিত হবে তাতে বিএনপিরই লাভ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর (অব.) মুহাম্মদ হানিফ। বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।