বাংলাদেশে সহিংসতায় বান কি মুনের উদ্বেগ

আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে সহিংস পরিস্থিতির সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। একই সঙ্গে তিনি সকলকে আইনের প্রতি সম্মান দেখানোর আহবান জানিয়েছেন। সংযত আচরণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে মত প্রকাশের জন্যও তিনি আহবান জানান। গতকাল বৃহস্পতিবার বান কি মুনের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা বলেন। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সংলাপ অনুষ্ঠানে সাম্প্রতিক পদক্ষেপ অব্যাহত থাকবে বলে আশাবাদী বান কি মুন। একই সঙ্গে একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টিতে সকল দলকে কাজ করার আহবান জানান তিনি। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সহিংস বিক্ষোভে অনেক লোক হতাহত হয়েছে। এ বছরের শুরুর দিকে সহিংস ঘটনায় ব্যাপক প্রাণহানীর পর জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশ সফর করেন। সে সময় তিনি একটি সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও অহিংস নির্বাচন অনুষ্ঠানের জন্য সুশীল সমাজসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন।