এমন অস্থিরতায়ও আনন্দের সুবাতাস

দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দৈনন্দিন জীবন যেন সংকুচিত হয়ে গেছে। সর্বত্রই একই প্রশ্ন, দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। সাধারণ মানুষ যেন স্বস্তি পাচ্ছে না। এই অস্থির পরিবেশে আনন্দের সুবাতাস দিয়েছে ক্রিকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আবারও সিরিজ জয় করে যে আনন্দ উপহার দিয়েছেন আমাদের ক্রিকেটাররা তার ঢেউ লেগেছে পুরো দেশজুড়ে। আবালবৃদ্ধবনিতা সবার মুখে আনন্দের কথা। অভিনন্দনের কথা। রাজনীতির মাঠে কথার যুদ্ধ দেশের মানুষদের বিভক্ত করে দিয়েছিল। মুশফিক বাহিনী সেই মানুষদেরকে এক কাতারে এনে দাঁড় করিয়েছে। টেষ্ট সিরিজ ড্র করার পর ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন দেখা মানুষদের মধ্যে ছিল না কোনো ভেদাভেদ। রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশের কোটি কোটি দর্শক টিভি সেটের সামনে হুমড়ি খেয়ে পড়েছে। দু’হাত এক সাথে জোড়া দিয়ে সাফল্যের প্রার্থনা করেছেন অনেকে। নিউজিল্যান্ডের ব্যাট থেকে একটা বল বাউন্ডারি পার হয়ে গেলে সবাই এমনভাবে আফসোস করেছেন। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ জয়ের পর সেখানে উত্সব চলছিল। দেশের অনেক জায়গা থেকে উত্সবের খবর এসেছে। বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা আনন্দ করেছেন। নিউজিল্যান্ড যখন বাংলাদেশের ২৪৭ রানের জবাব দিচ্ছিল, তখন কিছুটা সময় বাংলাদেশের জয়টা অনেকের কাছে কঠিন মনে হচ্ছিল। কিন্তু সব ধোয়াশা উড়িয়ে দিয়ে বাংলাদেশের জয় এনে দিয়েছেন এদেশের ক্রিকেটাররা। আপামর সাধারণ মানুষদের অস্থিরতার মধ্যে ক্রিকেটাররা দারুণ একটা উত্সব এনে দিয়েছেন। সোহাগ গাজীরা বুঝিয়ে দিয়েছেন দেশের স্বার্থে সবাই এককাতারে দাঁড়াতে মুহূর্ত দেরি করে না।