ইংরেজি বিভাগের বেশিরভাগ পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় গতকাল রবিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা রাজধানীর মহাখালী এলাকায় সড়ক অবরোধ করে রাখায় প্রায় ৪৫ মিনিট মহাখালী থেকে গুলশান ও বনানীর দিকে যানচলাচল বন্ধ থাকে। পরে কলেজের শিক্ষক ও আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নিয়ে শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নেন। এছাড়া ফল বিপর্যয়ের প্রতিবাদে মহাখালী থেকে কলেজ ক্যাম্পাস পর্যন্ত মিছিলও করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগের ২৯০জন তৃতীয় বর্ষের পরীক্ষা দেন। তাদের মধ্যে মাত্র ২৫ জন সব বিষয়ে পাস করেছে। আর একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েও চতুর্থ বর্ষে উত্তীর্ণ হয়েছে সর্বমোট দেড়শ শিক্ষার্থী। বাকি ১৪০ জনই তৃতীয় বর্ষে রয়ে গেছেন।
সূত্র জানায়, কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার সময় ভালো ফল করতো। কিন্তু সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পরই ফলাফল নিম্নমুখী হতে থাকে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে অন্যায় আচরণ করছে। এর আগে আমাদের এত ফল বিপর্যয় ছিল না। কিন্তু এখন এটি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।