নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ওরিয়েন্টেশন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গতকাল রবিবার অনুষ্ঠিত হয় ‘সামার ২০১৯’ সেমিস্টারের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এবার বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পেয়েছে প্রায় বারো শত শিক্ষার্থী এবং ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ৪২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও নর্থ সাউথ ইউনিভার্সিটির  ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান এম এ হাসেম ।

ড. গওহর রিজভী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একজন শিক্ষার্থীর জীবনে বিশ্ববিদ্যালয় জীবন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই একজন শিক্ষার্থী জীবনের প্রয়োজনীয় দিক-নির্দেশনা পেয়ে থাকে, যা তার জীবনে সফলতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ, এম এ কাসেম, রেহানা রহমান, ইয়াসমীন কামাল, উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান প্রমুখ।— প্রেস বিজ্ঞপ্তি