দেবীগঞ্জে পাম ফল থেকে
তেল উত্পাদন শুরু
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ২০:০১
দেবীগঞ্জে তিস্তা বেল্ড লেবেল নামের একটি কোম্পানি পাম ফল থেকে খাওয়ার তেল উত্পাদন শুরু করেছে। কোম্পানিটি এই প্রথম রোপণকৃত পাম ওয়েল চারা থেকে ফল সংগ্রহ করে তেল উত্পাদন শুরু করেছে। উপজেলার চিলাহাটী ইউনিয়নের চরতিস্তাপাড়ার জিকরুল হক ২০০৯ সালে তার প্রায় ২ একর জমিতে ১২শ’ পাম চারা রোপণ করেন। তিস্তা লেবেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ জিকরুল মালয়েশিয়া ও ভারতে পাম ফল থেকে তেল উত্পাদনের অভিজ্ঞতা অর্জন করেন। কৃষিবিদ জিকরুল রংপুরের তারাগঞ্জে ২২ লাখ টাকা ব্যয়ে তেল উত্পাদনের ফ্যাক্টরি নির্মাণ করে তেল উত্পাদন শুরু করেন।
দেবীগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বাগান মালিককে সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন। সমপ্রতি তিনি পাম বাগান পরিদর্শন করেন এবং কৃষকদের এ সম্পর্কে ধারণা দেন। উপজেলা কৃষিবিদ জানান, পাম চাষ লাভজনক। একটি পাম গাছ থেকে প্রাপ্ত তেল ৩ সদস্যের পরিবারের বাত্সরিক চাহিদা মেটাতে সক্ষম। এক হেক্টর জমির পাম গাছ থেকে প্রায় ১০ টন তেল পাওয়া যায়। একটি গাছ থেকে ৩শ’ থেকে ৪শ’ কেজি ফল পাওয়া যায়। পাম গাছ থেকে প্রায় সারা বছর ফল পাওয়া যায়। তিনি আরও জানান ৬০ কেজি ফল থেকে ১৮ কেজির মত তেল পাওয়া সম্ভব। তিনি জানান, পাম গাছের ফল থেকে উত্পাদিত তেল সহজে মানব দেহে হজম হয়। পাম গাছ থেকে ৫০/৬০ বছর পর্যন্ত ফল পাওয়া যায়। কৃষিবিদরা জানান, প্রতি কেজি পাম ফল ১৫ টাকা কেজিতে বিক্রি করতে পারবেন কৃষক। ২০১৬ সালে দেবীগঞ্জ বাংলাদেশের মধ্যে পাম ওয়েলযুক্ত উপজেলা হিসেবে দেখার প্রত্যাশা করছে উপজেলা কৃষি বিভাগ,তবে এজন্য প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা ।