সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ২০:০৫
নন্দীগ্রামে মা সমাবেশ
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া নন্দীগ্রাম পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত’র উদ্যোগে ৩১ অক্টোবর নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ঝরেপড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শফি উদ্দিনের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অভিজিত্ রায়।
সাটুরিয়ায় অফিসার্স ক্লাব উদ্বোধন
সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নবনির্মিত অফিসার্স ক্লাব উপজেলা চত্বরে ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুল মজিদ ফটো। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল আলম জুয়েল।
জিয়ানগর উপজেলায় মাসিক উন্নয়ন সভা
জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা \ চেয়ারম্যান পদে পুনর্বহাল করায় বৃহস্পতিবার উপজেলা আইন-শৃংখলা উন্নয়ন সভায় উপদেষ্টা ও মাসিক উন্নয়ন সভার সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুন্ডু, ভাইস চেয়ারম্যান আঃ খালেক গাজী, শাহিদা বেগম, ওসি নাসির উদ্দিন মল্লিক, কৃষি কর্মকর্তা অমিতাভ মন্ডল, আরডিও রিনা আক্তার, ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন, শাহ আলম, মনিরুজ্জামান মৃধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সাঁথিয়ায় জাতীয় স্যানিটেশন মাস পালন
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা \ “ল্যাট্রিন থাকলে পরিষ্কার রোগজীবাণু ছড়াবে না আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার পাবনা সাঁথিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর/১৩ উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করা হয়। উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার।
তাড়াইল প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সম্মেলন
তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ বৃহস্পতিবার কিশোরগঞ্জের তাড়াইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. রাবেয়া আকতার, উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক ভূঞা, আজীবন সদস্য ও সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মহাজন প্রমুখ।
আমতলীতে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ জাতীয় সেনিটেশন মাস ২০১৩ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার আমতলী পৌরসভার উদ্যেগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবদুল্লাহ মার্কেটে এক সভা করে। এছাড়া জাতীয় সেনিটেশন মাস উপলক্ষে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা খলিফা ফাউন্ডেশন এর উদ্যোগে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
আমতলীতে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ আমতলীর নতুন বাজার রয়েল হোটেল থেকে বৃহস্পতিবার ৪০ পিচ ইয়াবাসহ মামুন নামে এক যুবককে র্যাব পটুয়াখালী ক্যাম্পের সার্জেন্ট আবদুল কাদেরের নেতৃত্বে গ্রেফতার করে। দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাও মামুনকে ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়ে জেলহাজতে পাঠান।
রাজবাড়ীতে জাসদের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী
রাজবাড়ী প্রতিনিধি \ বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী রাজবাড়ীতে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শহরের ফুলতলার শ্রমিক জোট কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা জাসদের সভাপতি আহম্মেদ নিজাম মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল হক, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, জাসদ নেতা রইচউদ্দিন মিয়া প্রমুখ বক্তৃতা করেন।
নাসিরনগরে আশার কর্মশালা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ উপজেলায় শিক্ষা কার্যক্রম থেকে ১ম ও ২য় শ্রেণি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, পাঠ আয়ত্ত করতে সহায়তা ও শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি শিক্ষা কেন্দ্রে কর্মরত সুপারভাইজার ও সেবিকাদের কর্মশালা বৃহস্পতিবার নাসিরনগর আশার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ডোমারে কৃষক সমিতির সম্মেলন
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ ‘কৃষি উপকরণের দাম কমাও, উত্পাদিত ফসলের লাভজনক দাম দাও’ এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় বাংলাদেশ কৃষক সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় নাট্য সমিতি মিলনায়তনে তেভাগা আন্দোলনের শহীদ তন্না নারায়ণের কন্যা শুখ বালা রায় জেলা কৃষক সমিতির ৪র্থ বার্ষিকীর সম্মেলন উদ্বোধন করেন।
মধুখালীতে আশার বীমা দাবির চেক প্রদান
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ আশা ফরিদপুরের মধুখালী উপজেলা অঞ্চলের বাগাট ব্রাঞ্চে চিকিত্সা সহায়তা ও বীমা দাবির চেক প্রদান করা হয়। আশার সদস্য সুধীষ্ঠির বিশ্বাস সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ১ লক্ষ ৪ হাজার ৩০৩ টাকার বীমা দাবি এবং পাপিয়া বেগমকে চিকিত্সা সহায়তা বাবদ ২ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগাট ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম ফকির। বিশেষ অতিথি ছিলেন আশার ডিএম মো. বাবুল হোসেন।
লালপুর আখচাষীদের টাকা কর্তন বন্ধের দাবিতে স্মারকলিপি
লালপুর (নাটোর) সংবাদদাতা \ আখচাষী ফেডারেশনের তহবিল সংগ্রহে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে চাষীদের সরবরাহকৃত আখের মূল্য হতে টাকা কর্তন বন্ধের দাবিতে বৃহস্পতিবার মিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি। উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি আনছার আলী দুলাল ও সাধারণ সম্পাদক সাহাবাজ আলী স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও চাষীরা আখ চাষ করে চিনিকলে সরবরাহ করেন।
চাঁপাইনবাবগঞ্জে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। নিমতলা এলাকা থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শাটু হল এলাকায় সমাবেশ করে। জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুবজোটের সভাপতি হাবিবুর রহমান।
তাড়াশে মত্স্যজীবীদের সাথে মতবিনিময়
চলনবিল (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ বিল বাঁচান বিলবাসীর জন্য খাদ্য নিরাপত্তা করুন এই শ্লোগানকে সামনে রেখে চলনবিলের মত্স্যজীবীদের অংশ গ্রহণে বিল সুরক্ষার জন্য উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে, খাদ্য নিরাপত্তার সাথে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, মত্স্যজীবীদের সাথে জড়িত কর্মকর্তা ও মত্স্যজীবীদের নিয়ে বৃহস্পতিবার তাড়াশ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ তোফায়েল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোদায় অ্যাডভোকেসি সভা
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা\পঞ্চগড়ের বোদায় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ইজিসিএসসি ইন ডবি¬উএসএস প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ-এর সহযোগিতায় বোদা উপজেলা প্রশাসন ও বেসরকারি সংগঠন সূচনা সমাজ উন্নয়ন সংস্থা এই অ্যাডভোকেসি সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, মফিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু।
বেতাগীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ
বেতাগী (বরগুনা) সংবাদাদাতা \ বেতাগীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার হোসনাবাদে অনুষ্ঠিত হয়। হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা কমান্ড্যান্ট মোঃ খলিলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সুজন, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু।
নন্দীগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের নেতা আফজাল হোসেন, শাহজাহান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুকুল হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন সোহাগ প্রমুখ।
লালপুরে জাতীয় যুব দিবস পালন
লালপুর (নাটোর) সংবাদদাতা \ জাতীয় যুব দিবস ২০১৩ উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয় এবং বিআরডিবি হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন, থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ইউনুস আলী, সাধারণ সম্পাদক ইসাহাক আলী।
ধামরাইয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ধামরাইয়ে বিএনপি ও ছাত্রদল পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
ধামরাই যাত্রাবাড়িতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের মুকুট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রকিবুর রহমান খান ফরহাদ, পৌর যুবদলের সভাপতি আনোয়ার জাহিদ, সাধারণ সম্পাদক নাইমুর রহমান ফারদুন প্রমুখ।
স্বরূপকাঠিতে জাতীয় যুব দিবস পালন
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল শুক্রবার স্বরূপকাঠিতে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ইউএনও মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জাহিদ হোসেন ও ইউপি চেয়ারম্যান কে এম সবুর তালুকদার প্রমুখ।
সীতাকুন্ডে পিকআপের ধাক্কায় কলেজ ছাত্রী আহত
সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা \ সীতাকুন্ডের কুমিরা বাইপাস এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক কলেজ ছাত্রী আহত হয়েছে। এ ঘটনায় পিকআপ চালকও আহত হয়েছে। পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে কলেজের ছাত্র-ছাত্রীরা মহাসড়কে উঠে বিক্ষোভ করতে থাকে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
গোমস্তাপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার রহনপুর কলোনী মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহনপুর পৌর মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ আজিজ, সম্পাদক হারুন বিশ্বাস প্রমুখ।
মাদারীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি
মাদারীপুর প্রতিনিধি \ ১৪ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জেলা সদরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ইটেরপুল থেকে শুরু হয়ে পুরান বাজারে গিয়ে মিছিলটি শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ও আওয়ামী লীগ নেতা কাজল কৃষ্ণ দে।
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় যুব দিবস পালন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ জাতীয় যুব দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের লোকনাথ দীঘি মাঠ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শহর প্রদক্ষিণ শেষে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার।
জগন্নাথপুরে হালিমা খাতুন ট্রাস্টের বৃত্তি পরীক্ষা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ৯ম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ জানান, ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ২২৫জন ছাত্র-ছাত্রী অংশ নেয়।
সুজানগরে জাতীয় যুব দিবস পালন
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনা সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির।