ফেইসবুকের আয় বেড়েছে ৬০ শতাংশ

বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকের তৃতীয় ত্রৈমাসিক আয় ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। কোম্পানিটি জানিয়েছে- বিজ্ঞাপনের কারণে তাদের আয় ৬০ শতাংশ বেড়েছে এবং তাদের মুনাফা ৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বিজ্ঞাপন থেকে ফেইসবুকের আয় ৬৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর এই আয়ের অর্ধেকের বেশি এসেছে মোবাইলের বিজ্ঞাপন থেকে। এক সংবাদ সম্মেলনে ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন, ‘এই ত্রৈমাসিকে আমাদের অর্জনের শক্তিশালী এ ফলাফল জানিয়ে দিয়েছে আমাদের কোম্পানিকে পরবর্তী ধাপে উন্নীত করার জন্য আমরা প্রস্তুত।’ জুকারবার্গ ফেইসবুককে একটি ‘মোবাইল কোম্পানি’ হিসেবে বর্ণনা করে আরো বলেন, তাদের অর্ধেকের বেশি ব্যবহারকারী শুধু তাদের ফোনে ফেইসবুক ব্যবহার করে। পর্যবেক্ষকরা জানান, মোবাইলে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা যতো বাড়বে ফেইসবুক ততবেশি মোবাইলের বিজ্ঞাপন বিক্রি করতে সক্ষম হবে।