গোয়েন্দাগিরির বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে চীনের ব্যাখ্যা দাবি

চীন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মসূচির বিষয়ে দেশটির কাছে ব্যাখ্যা দাবি করেছে। দেশটির বেইজিং,সাংহাইসহ অন্যান্য শহরে মার্কিন মিশন গোপনে নজরদারি চালাচ্ছে বলে খবর প্রকাশের পর চীন এ ব্যাখ্যা চাইলো। এ খবরে চীনের পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র হুয়া চানইং বৃহস্পতিবার গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের বলেন,আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা দাবি করছি। তিনি বলেন, আমাদের দরকার বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক মিশন। যারা আন্তর্জাতিক ধারাগুলো কঠোরভাবে মেনে চলবে। তারা এমন কোন কাজ করবে না যাতে চীনের নিরাপত্তা ও স্বার্থের হানি হয়। মঙ্গলবার দ্য সিডনি মর্নিং হেরাল্ড পালিয়ে থাকা মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা একটি গোপন মানচিত্র প্রকাশ করে। এতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটসমূহে ৯০টি গোপন নজরদারি কেন্দ্রের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তত্পরতা নিয়ে বিশ্বব্যাপী তীব্র হৈ চৈ চলছে। ইন্দোনেশিয়াসহ এশিয়ার অন্যান্য দেশও এর ব্যাপক সমালোচনা করছে।