তিয়েনআনমেন স্কোয়ারের ঘটনায় ইসলামপন্থি গ্রুপ দায়ী :চীন

বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে গাড়ি বিধ্বস্তের ঘটনার জন্য চীনের পশ্চিমাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের একটি ইসলামপন্থি সংগঠনকে দায়ী করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ঐ ঘটনায় ‘মদদ’ দানকারী হিসেবে তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট দায়ী বলে শুক্রবার জানিয়েছে চীনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মেং জিয়ানঝু। প্রসঙ্গত, উইঘুর মুসলিম সমপ্রদায় জিনজিয়াংকে পূর্ব-তুর্কমেনিস্তান হিসেবে পরিচয় দিয়ে থাকে। উজবেকিস্তান সফরকালে তিয়েনআনমেন ঘটনার ব্যাপারে মেং বলেন, মধ্য ও পশ্চিম এশিয়াভিত্তিক ‘সন্ত্রাসী’ গ্রুপ তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট এ হামলার মদদদাতা। উল্লেখ্য, গত সোমবারের ওই হামলায় পাঁচজন প্রাণ হারান। তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট নামের এই সংগঠনটিকে চীন সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে থাকে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘও একে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সোমবারের ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, রাজধানী বেইজিং ও জিনজিয়াং প্রদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।