রিলিজের পর বাকি সিদ্ধান্ত অ্যানির

শোবিজে ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও বিভিন্ন অঙ্গনের বিস্তৃতির ফলে অল্প সময়ে চেনা পরিচিতির যে ব্যাপার থাকে তাতে উের গেছেন অনেকটাই অ্যানি খান। অভিনয়, মডেলিং আর উপস্থাপনায় সমানতালে রাখতে গিয়ে হয়তো কিছুটা কম বেশি হয়েছে ঠিকই তবে তাতে নিজের প্রতি আত্মবিশ্বাসের প্রজ্ঞা কমেনি এতটুকুও। তাই বিজ্ঞাপন নির্মাতা নাবিল আশরাফের ‘ভালবাসার রংধনু’ নামের একটি চলচ্চিত্র দীর্ঘদিন ধরেই রিলিজ হওয়ার অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে হয়তো আগামী ভালবাসা দিবসে ছবিটি রিলিজের সম্ভাবনা রয়েছে। যদিও তরুণ প্রজন্মদের ছবি রিলিজের কোনো তারিখই চূড়ান্ত থাকে না। সেক্ষেত্রে অ্যানি এই ছবিটি রিলিজের আগে নতুন কোনো চলচ্চিত্রের কাজে হাত দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে অ্যানি খান বলেন, ‘আমার ভেতরে কোনো তাড়াহুড়ো নেই। আমি ধীরেই এগুতে চাই। খুব শিগগিরই নাসির গ্লাসের একটি টিভিসিতে কাজ করব। আর এর বাইরে নতুন কাজের ব্যাপারে বেশ কিছু অফার এলেও আমার প্রথম চলচ্চিত্রটি রিলিজের অপেক্ষায় রয়েছি। এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেব।’ এ ছাড়া টিভি নাটকের কাজ প্রসঙ্গে অ্যানি বলেন, ‘গেল ঈদের বেশ কিছু কাজ করেছি। এরপরে নতুন কোনো কাজ শুরু করিনি। ’