বিশেষ প্রচারপত্র, স্মারক ডাকটিকেট

শচিন টেন্ডুলকারকে বিদায় সংবর্ধনা দিতে প্রস্তুত তার ২০০ তম এবং ক্যারিয়ারের শেষ টেস্টের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ব্যাটিং কিংবদন্তিকে বিদায় জানাতে তাদের নেয়া মহাপরিকল্পনার কথা। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের পর হোম গ্রাউন্ড মুম্বাইতেই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন শচিন। এমসিএ জানায়, টেন্ডুলকারের বিদায়কে স্মরণীয় করে রাখতে একটি স্মারক ডাকটিকেট প্রকাশ করতে যাচ্ছে তারা। যার একপাশে থাকবে টেন্ডুলকারের ছবি। একই সঙ্গে তারা প্রকাশ করবে ৬৪ পৃষ্ঠার এক বিশেষ প্রচারপত্রও। সেখানে স্থান পাবে টেন্ডুলকারকে নিয়ে লেখা নানা শ্রেণী পেশার বিখ্যাত সব মানুষের অনুভূতি। মাঠে উপস্থিত দর্শকরা শুধু টেন্ডুলকারের বিদায়ী মুহূর্তেরই সঙ্গী হবেন না। তারাও পাচ্ছেন স্মারক দ্রব্যাদি। ম্যাচ চলাকালীন তাদের মধ্যে বিতরণ করা হবে প্রায় দশ হাজার টেন্ডুলকারের কাগুজে মুখাবয়ব। থাকছে টেন্ডুলকারের প্রতিচ্ছবি সম্বলিত স্কোরকার্ড এবং ক্যাপও। টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি প্রাইভেট লিমিটেড নামের এক প্রতিষ্ঠান এমসিএ’র কাছে এই অনুষ্ঠানের একটি পরিকল্পনা এরই মধ্যে পেশ করেছে।