শচিন নয় পুরো দলের ওপরই নজর থাকবে : স্যামি
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ২১:০২
শচিন টেন্ডুলকারকে ক্রিকেটের ‘দূত’ অভিহিত করে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি বলেছেন, আসন্ন দুই টেস্টের সিরিজে তার দলের লক্ষ্য কেবলমাত্র সিনিয়র এ ব্যাটসম্যানের কাঙ্ক্ষিত উইকেট নেয়াই নয়, পুরো ভারতীয় দলের ওপরই নজর রাখবেন তারা।
কলকাতায় সংবাদ সম্মেলনে স্যামি বলেন, ‘শচিন একজন অসাধারণ ক্রিকেটার। তিনি যদি সেরা ক্রিকেট নাও খেলেন তারপরও গত ২৪ বছরে যা করেছেন তা থেকেই তার চরিত্র এবং স্বকীয়তার প্রমাণ পাওয়া যায়।’
শচিনের অবসর নিতে যাওয়ার মাহেন্দ্রক্ষণে আয়োজিত শেষ দু’ টেস্টকে ঘিরেই এখন চারদিকে মাতম চলছে। তারপরও স্যামি বলেন, ‘এ প্রতিদ্বন্দ্বিতা দু’টি দেশের মধ্যে। আমরা এখানে আসতে পেরে আনন্দিত। তবে আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। অর্জনের জন্য আমাদের নিজস্ব লক্ষ্য আছে। এটা খুবই উত্তেজনাকর ও উপভোগ্য হবে। কিন্তু সব শেষে এটা ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা।’
শচিন টেন্ডুলকারের বিদায়ের সিরিজকে মাটি করে দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ- এমন সংবাদ শিরোনামের প্রেক্ষিতে স্যামি জানান তারা ভারতকে ওয়াকওভার দিতে আসেনি।
তিনি বলেন, ‘এমন শিরোনাম দেয়ার পর পত্রিকাগুলো আমাকে হয়তো এক নম্বর শত্রু বানিয়েছে। আমরা সবাই শচিনকে শ্রদ্ধা করি। এটা তার শেষ টেস্ট কেবলমাত্র এ কারণেই আমরা তাকে সেঞ্চুরি করতে দেব না।’
ক্যারিবীয় অধিনায়ক আরো বলেন, ‘তিনি যদি প্রথম বলেই আউট হন, সেটা আমাদের জন্য ভাল হবে। আমি জানি তিনি খুবই দৃঢ়তার সাথে শেষ দু’টো টেস্ট খেলবেন। ভারত আমাদের কোন ছাড় দেবে না, তাহলে আমরাই বা কেন দেব।’
স্যামি এও জানান যে, শচিনকে অভিনন্দন জানাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ দল তাকে গার্ড অব অনার প্রদান করবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই আমরা তাকে একটা গার্ড অব অনার দেব। বছরের পর বছর ধরে তিনি সে সম্মান অর্জন করেছেন। আমরা একটা দল হিসেবে তাকে শ্রদ্ধা করি। তিনি ক্রিকেটের দূত। সে কারণেই আমরা তাকে সম্মান দেখাতে চাই।’
টেন্ডুলকারের সঙ্গে প্রথম সাক্ষাতের কথা স্মরণ করে স্যামি বলেন, ‘এটা ছিল ২০০৩-’০৪ সালের ঘটনা, এমসিসি বনাম বিশ্ব একাদশের ম্যাচে। লর্ডসে তার সঙ্গে আমি দেখা করি। এটা ছিল আমার জন্য বিরাট এক সম্মানের। তার ঘনিষ্ঠ হওয়া অনেক বড় সম্মানের বিষয়।.....দুই দশকের বেশি তিনি ভারতের ভার বহন করেছেন। এখনো তিনি একই রকম আছেন। অসাধারণ তার কর্ম। তার শেষ দু’টি টেস্ট খেলতে এখানে আসাটা আমাদের জন্য একটা সম্মানের ব্যাপার।-বাসস