সিরিজ জয় বাংলাদেশের প্রাপ্য ছিল :শেন বন্ড

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর কোন অজুহাত দেখাচ্ছে না নিউজিল্যান্ড। সংবাদ মাধ্যমের সাথে মুখোমুখি হয়ে নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন বন্ড বললেন, নিজেদের যোগ্যতা দিয়েই সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রশ্ন: ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আপনাদের পারফরম্যান্স অনেক ভাল ছিল। কিন্তু বাংলাদেশের বিপক্ষে তেমনটা হল না কেন? শেন বন্ড: আমার মনে হয় এখানে আমরা খুব একটা খারাপ খেলিনি। তবে, বাংলাদেশকে তাদের কন্ডিশনে হারানোর জন্য যেমন দরকার ছিল, তেমন আমরা খেলতে পারিনি। বাংলাদেশ ভাল ক্রিকেট খেলেছে। ২-০ লিড তারা আদায় করে নিয়েছে। সিরিজ জয় প্রশ্ন: ম্যাচগুলোতে মূলত কি কি সমস্যার মুখোমুখি হতে হয়েছে আপনাদেরকে? শেন বন্ড: ভাল প্রশ্ন। হ্যাঁ, আমরা ভাল বল করেছি। বাংলাদেশ ভাল কয়েকটা পার্টনারশীপ পেয়েছে। এই উইকেটে আমার মনে হয় ২৩০ রান করলেই জয়ের সম্ভাবনা থাকে। বাংলাদেশ সেটাই করেছে। রান তাড়া করতে নেমে আবারও আমাদের বাংলাদেশের দারুণ বোলিংয়ের মুখোমুখি হতে হয়। তাদের চাপে আমাদের রান রেট অনেক কমে যায়। আমরা ভাল কোন পার্টনারশীপ পাইনি। তাই দুটো ম্যাচেই হারতে হয়েছে আমাদের। প্রশ্ন: ২০১০ সালে ৪-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল। সেটা কি আপনাদের জন্য চাপের কারণ হয়ে দাঁড়িয়েছিল? শেন বন্ড: হা হা। আর কতোবার এটা তোমরা জানতে চাইবে! হ্যাঁ, সেটা তো কিছুটা মাথায় ছিলই। কিন্তু, আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই আমাদের জন্য চাপের। গত সিরিজ না হারলেও এখন চাপ থাকতো। প্রশ্ন: দলের পেসারদের পারফরম্যান্সে কি আপনি সন্তুষ্ট? শেন বন্ড: হ্যাঁ অবশ্যই। বোলারদের অনেক চ্যালেঞ্জ নিয়ে বল করতে হয়েছে। এরকম কন্ডিশনে তারা আগে খুব বেশি খেলার সুযোগ পায়নি। বিশেষ করে কোরি অ্যান্ডারসন ও জেমস নিশামের কথা আলাদা করে বলতে হয়। দুজনই চারটি করে উইকেট পেয়েছে। সব মিলিয়ে পেসারদের পারফরম্যান্সে আমি খুশি। প্রশ্ন: সব সময় দেখা যায় বাংলাদেশের স্পিনাররাই বেশি ভাল বল করে। এবার পেসাররা, বিশেষ করে মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেন ভাল করলো। এটা কি আপনাদের জন্য একটু বিস্ময়কর ছিল? শেন বন্ড: না, একদম না। মাশরাফি অনেক অভিজ্ঞ খেলোয়াড়। ইনজুরি কাটিয়ে ফিরলেও সে অনেক ভাল করেছে। তার ব্যাপারে আমাদের ধারণা ছিল। সে ভাল বল করবে সেটা জানাই ছিল। আর রুবেলও ভাল বল করেছে। স্পিনারদের ভাল সাপোর্ট দিয়েছে তারা। সব মিলিয়ে বোলিং ইউনিট হিসেবে তারা এখন আগের থেকে অনেক বেশি ভাল। প্রশ্ন: টানা দুই ম্যাচ হারের পর ড্রেসিংরুমের অবস্থা কি? শেন বন্ড: আসলে ব্যাপারটা হল, টানা হারের ফলে দলের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। কিন্তু, আমরা এখনও হার মানছি না। বাংলাদেশকে শেষ ম্যাচে ২২০ রানে বেঁধে রাখতে পারলে আমরা জিততে পারবো। আমাদের দলের এখনও জয়ের সামর্থ্য আছে। প্রশ্ন: আগেও বাংলাদেশের বিপক্ষে খেলেছেন খেলোয়াড় হিসেবে। এবার কোচ হয়ে এসেছেন। এই সময়ের মধ্যে কি কোন পরিবর্তন চোখে পড়ে? শেন বন্ড: হ্যাঁ সেই সময়কে অনেক আগেই পিছনে ফেলে এসেছে বাংলাদেশ। তারা দল হিসেবে অনেক উন্নতি করেছে। আমি বাংলাদেশের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলেছিলাম। সেই সময়ের থেকে এখন পার্থক্য অনেক। এখন তাদের কন্ডিশনে তাদের বিপক্ষে খেলা যেকোন দলের জন্যই কঠিন। প্রশ্ন: বাংলাদেশ তিনজন স্পিনার নিয়ে খেলেছে। অথচ আপনাদের দলে কেবল একজন স্পিনার। এই জায়গাতে কি আপনারা একটু পিছিয়ে পড়ছেন? শেন বন্ড: ওয়ানডেতে তিনজন স্পেশালিস্ট স্পিনার খেলানোটা খুব একটা দেখা যায় না। সাকিব আল হাসান থাকলে তিনজন স্পিনার নিয়েই খেলতো বাংলাদেশ। তবে, ব্যাপার হল ওদের দলে কোয়ালিটি স্পিনার আছে। কন্ডিশন আর উইকেটের কথা বিবেচনা করেই ওরা তিনজন স্পিনার খেলায়। আর এই ধরনের কন্ডিশনে খেলায় আমরা অভ্যস্ত নেই। তাই একের বেশি স্পিনার নিলে আমাদের টিম কম্বিনেশন তৈরি করতেই সমস্যা হবে। আর আমাদের দলে ভাল পেসার আছে। তাদের উপরই আমরা ভরসা রাখছি।