সাকিবের অবস্থার উন্নতি

২০১০ সালে এই সাকিব আল হাসানের দাপটেই নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এবার ডেঙ্গুর কারণে ওয়ানডে সিরিজে খেলাই হচ্ছে না সাকিবের। তবে, দ্রতই তার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানালেন টিম ম্যানেজার আকরাম খান। গতকাল সংবাদ মাধ্যমকে আকরাম খান বলেন, ‘বর্তমানে সাকিব হাসপাতালে আছে। তাকে আরো কয়েক দিন থাকতে হতে পারে। তবে ওর (সাকিব) অবস্থা আগের চেয়ে ভাল। আশা করি খুব দ্রুত মাঠে ফিরবে। যেহেতু ডেঙ্গু তাই শেষ পর্যন্ত এই সিরিজ ওর নাও খেলা হতে পারে।’ এর আগে গত বৃহস্পতিবার রাতে সাকিব আল হাসানকে হাসপাতালে দেখতে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ড সভাপতি সাকিবের সঙ্গে কথা বলেন ও তার অবস্থার খোঁজ-খবর নেন। সেই সময় উপস্থিত সাকিবের বাবা-মায়ের সঙ্গে কথা বলে নাজমুল হাসান।