ভিসির পদত্যাগ দাবিতে আজ জাবি শিক্ষকদের ধর্মঘট শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ২২:৩৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে শিক্ষক সমিতির সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি শুরু হচ্ছে আজ শনিবার। কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষকদের সংগঠন সাধারণ শিক্ষক ফোরাম। ঈদুল আজহার ছুটি শেষে শিক্ষক সমিতির ডাকা ৭ দিনের কর্মবিরতির মধ্যে দিয়ে গত ২৬ অক্টোবর খোলা হয় বিশ্ববিদ্যালয়। শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান গতকাল সাংবাদিক সম্মেলনে জানান, শিক্ষক সমিতির ভিসির পদত্যাগ দাবিতে যে ধর্মঘটের আহবান করেছে তার সাথে একাত্মতা ঘোষণা করছে শিক্ষক ফোরাম। এছাড়া দুটি হলের প্রভোস্টের যে অপসারণ আদেশ রয়েছে তা প্রত্যাহারের আহবান জানানোহয়। পাশাপাশি শিক্ষকদের এ আন্দোলনের কারণে শিক্ষা ক্ষেত্রে যে ক্ষতি হচ্ছে এর জন্য দুঃখ প্রকাশ করা হয়। সম্মেলনে ফোরামের আহবায়ক অধ্যাপক হানিফ আলী, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন, কলা ও মানবিকী অনুষদের ডিন সৈয়দ কামরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ভিসি জাকসু নির্বাচন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে ভিসি বলেন, খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের এ অচলাবস্থা কেটে যাবে। তিনি বলেন, আজ শনিবারের মধ্যে শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার না করলে সংসদীয় কমিটির সাথে কথা বলে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। এতে উপস্থিত ছিলেন প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক এমএ মতিন, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক আফসার আহমেদ, ট্রেজারার অধ্যাপক আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।