যান চলাচলে নিয়ম মানে না কেউ, ফিরেছে দুর্গন্ধও
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ২২:৪৭
শুরুটা ছিল অসাধারণ। সবকিছু ঝকঝকে, ফিটফাট। রাস্তা, ফুটপাত, ব্রিজ, ওভারপাস, লেক, সদ্য লাগানো গাছপালা- সব। হঠাত্ দেখলে স্থানটিকে ঢাকা নগরীর অংশ বলেই মনে হত না। অনেকে একে ‘ঢাকার ইউরোপও’ বলতে শুরু করেছিলেন। বিকালে অসংখ্য দর্শনার্থী আর ছবি তোলার হিড়িক ছিল হাতিরঝিলের নিত্যদিনের দৃশ্য। গভীর রাত পর্যন্তও বহু মানুষ সময় কাটাতেন এখানকার ফুরফুরে বাতাসে। কিন্তু সেই পরিবেশ এখন আর নেই। গোটা লেকের পানিতে দুর্গন্ধ। হরহামেশাই চোখে পড়ে যৌনকর্মীদের উপস্থিতি। হাতিরঝিল প্রকল্পের যত্রতত্র প্রকাশ্যে মাদক সেবন হয়ে পড়েছে মামুলি ব্যাপার। তাছাড়া হাতিরঝিলে এখনো ছড়িয়ে -ছিটিয়ে আছে কোরবানির পশুর বর্জ্য, হাড়গোড়,নাড়ি-ভুঁড়ির উচ্ছিষ্ট অংশ। ট্রাফিক পুলিশ নেই। যানবাহন চলাচল করছে তাদের ইচ্ছে মত। উল্টো দিক দিয়ে চলছে গাড়ি, মোটর সাইকেল, রিকশা। যদিও হাতিরঝিলে রিকশা প্রবেশ নিষেধ।
গত বৃহস্পতিবার হাতিরঝিল এলাকা ঘুরে দেখা গেছে, কাওরান বাজারের দিক থেকে হাতিরঝিলে প্রবেশ পথের ডান দিকে আলোর ব্যবস্থা নেই। এ রকম আরো কয়েকটি স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। স্বল্প আলোতে তত্পর অপরাধীরা। চুরি-ছিনতাইয়ের ভয়ে অনেকেই এখন হাতিরঝিলের পথে পা বাড়ান না।
এখনো ঢিমে তালে চলছে হাতিরঝিলের উন্নয়ন কাজ। রাস্তার বিভিন্ন জায়গায় রাখা আছে পাথরের স্তূপ। কোথাও বা বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করা।
হাতিরঝিলের রাস্তাগুলো ফাঁকা থাকে, ফলে অনেকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে থাকেন। এতে করে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে কোন সময়। ইতোমধ্যেই হাতিরঝিলে বেশ কিছু সড়ক দুর্ঘটনা ঘটেছে। হাতিরঝিলের স্বচ্ছ পানি পচে কুচকুচে কালো বর্ণ ধারণ করেছে। দুর্গন্ধে লেকের আশেপাশে টেকা দায়।
হাতিরঝিলে ঘুরতে আসা ব্যারিস্টার আক্তার হোসেন বলেন, হাতিরঝিল একটি অনবদ্য সৃষ্টি । যা রাজধানীবাসীর মনে নতুন করে আশা জাগিয়েছিল। তিনি বলেন, রাজধানীর মানুষের নিঃশ্বাস ফেলার এই স্থানটি যেন অযত্নে আর অবহেলায় হারিয়ে না যায় সে জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।
রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা ইত্তেফাককে বলেন, হাতিরঝিল প্রকল্প এই সরকারের একটি বিরাট অর্জন। রাজউকের বিরাট সাফল্য। তিনি বলেন, হাতিরঝিল সংরক্ষণে একটি আলাদা অথরিটি গঠন করা হচ্ছে। শিগগিরই স্বপ্নের হাতিরঝিল আবার ঝলমলে হয়ে উঠবে।
রাজউক চেয়ারম্যান বলেন, হাতিরঝিলের লেকের সঙ্গে চারপাশের বাড়ির স্যুয়ারেজ লাইন বন্ধ করার লক্ষ্যে ঢাকা ওয়াসা কাজ করছে। একটি স্ট্রং স্যুয়ারেজ ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। আশাকরা হচ্ছে নতুন বছরের মাঝামাঝি সময়ে স্ট্রং স্যুয়ারেজ প্রকল্পের কাজ সম্পন্ন হবে।
হাতিরঝিল প্রকল্পের রাস্তা ওয়ানওয়ে হলেও উল্টো দিক দিয়েও যানবাহন চলাচল করছে। বিশেষ করে রাতে এই চিত্র অহরহ দেখা যায়। প্রকল্প এলাকায় রিকশা প্রবেশ নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। গত ২৬ অক্টোবর রাতে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম রিকশাযোগে প্রকল্প এলাকায় ঢুকলে অপর প্রান্ত থেকে ছুটে আসা মাইক্রোবাসের চাপায় তিনি নিহত হন।
এ ব্যাপারে ট্রাফিক পুলিশের ডিসি দক্ষিণ খান মোহাম্মদ রেজওয়ান বলেন, উল্টো দিক দিয়ে গাড়ি চালানোর খবর পাওয়া গেছে। এটা বন্ধে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।