নাজিরপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ২২:৫২
জেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গতকাল শুক্রবার কৃষক লীগের সাধারণ সম্পাদকসহ ১২ নেতা-কর্মী আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় গাউস ভুঁইয়া ও রফিক ভুঁইয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজিরপুর উপজেলায় হরতালের সময় আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর হামলায় জড়িত বিএনপি নেতাকে নিজেদের কার্যালয়ে আশ্রয় দেয়ার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গত সপ্তাহে ১৮ দলীয় জোটের হরতালে নৈরাজ্য ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর হামলা, হত্যার প্রতিবাদে গতকাল স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতা-কর্মী নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে একত্রিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা কৃষক লীগ সম্পাদক আঃ মালেক বেপারীর আত্মীয় শেখমাটিয়া ইউনিয়নের বিএনপি নেতা মাহাবুর ভুঁইয়াসহ বেশ কয়েকজন বিএনপি সমর্থককে আওয়ামী লীগ অফিসে দেখতে পেলে শেখমাটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ কর্মীরা তাদের উপর হামলা করে। এ সময় শ্রীরামকাঠী ও শেখমাটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের ১২ জন নেতা-কর্মী আহত হয়।