জাতীয় সমবায় দিবস আজ

৪২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কদ্বীপ, ফুটওভার ব্রিজ ও রোড ডিভাইডারসমূহ পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং হোর্ডিং বোর্ড দিয়ে সজ্জিতকরণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া দিবস উপলক্ষে সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখ থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও জাতীয় সমবায় পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে উল্লেখ করেছেন, “সমবায়ে সামাজিক নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে ৪২তম জাতীয় সমবায় দিবস উদ্যাপনের মাধ্যমে সমবায় আন্দোলনকে বেগবান করে সরকারের লক্ষ্য অর্জনকে ত্বরান্বিত করা যাবে বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রীর বাণী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে উল্লেখ করেছেন, বর্তমান সরকার দেশে উত্পাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে সমবায় বিশেষ ভূমিকা পালন করতে পারে।