গ্রেফতারের প্রতিবাদে অবরোধ ভাংচুর, আটক ৮৯
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ২২:৫২
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ১৮ দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ৬০ ঘন্টার হরতালে নিহত জোট নেতাকর্মীদের স্মরণে গতকাল শুক্রবার এই কর্মসূচির ডাক দেয়া হয়। বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনে সারা দেশে পুলিশ ৮৯ জন বিএনপি ও জামায়াত কর্মীকে আটক করেছে।
আমাদের চট্টগ্রাম অফিস ও সীতাকুণ্ড সংবাদদাতা জানান, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক অবরোধ করে ১৮ দলের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত সীতাকুণ্ডের বাড়বকুণ্ড, কুমিরাসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে অবরোধ করা হয়। অবরোধের এক পর্যায়ে কুমিরা এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় ২০টি গাড়ি ভাংচুর করা হয়। পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঐ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।
আমাদের নোয়াখালী প্রতিনিধি জানান, জেলা শহর ও বিভিন্ন উপজেলা এলাকায় গত কয়েক দিনের সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ জন জামায়াত-শিবির ও বিএনপির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিভিন্ন থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। খুলনা অফিস জানায়, খুলনা জেলার নয় উপজেলা থেকে জামায়াত-শিবিরের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার সার্কিট হাউজ সংলগ্ন আদর্শ মাদ্রাসার ছাত্রাবাস থেকে জামায়াত-শিবির কর্মী সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। পিরোজপুর অফিস ও জিয়ানগর সংবাদদাতা জানান, শুক্রবার জেলা পুলিশের এক বিশেষ অভিযানে জিয়ানগর উপজেলার বালিপাড়া, চন্ডিপুর, টগড়াসহ বিভিন্ন এলাকা থেকে ১৮ জন গ্রেফতার করা হয়েছে। হরতালের তিন দিনে উপজেলার বিভিন্ন স্থানে যুবলীগ কর্মী হত্যা, সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার বাদীর বাড়িতে হামলা-লুটপাটসহ বিভিন্ন সন্ত্রাসের সঙ্গে আটকরা যুক্ত বলে পুলিশ জানিয়েছে। এদিকে গতকাল শুক্রবার সকালে জিয়ানগর উপজেলার চরবলেশ্বর গ্রামে পরিমল চন্দ্র সরকারের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে লুটপাট করে।
এছাড়া আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা জানিয়েছেন, বরিশালের বাবুগঞ্জে তিন জন, গফরগাঁওয়ে ছয় জন, সিরাজগঞ্জে এক জন, ঝিনাইদহের মহেশপুরে এক জন, জলঢাকায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।
গায়েবানা জানাজা
১৮ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, নারায়ণগঞ্জ, পিরোজপুর, ভান্ডারিয়া, নোয়াখালী, মেহেরপুর, পাঁচবিবি (জয়পুরহাট), রাজবাড়িতে গায়েবানা জানাজার খবর দিয়েছেন।
রাজশাহীতে সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী
আমাদের রাজশাহী অফিস জানায়, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা সব ধরনের নিষ্ঠুরতার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে থাকতে চায়।