গল্প নয় সত্যি

সরকারি অর্থে নববর্ষের শুভেচ্ছা নয়!

দুর্নীতি আর সরকারি অর্থের অপচয় বিশ্বের বহু দেশেই সরকারের জন্য দুশ্চিন্তার বড় একটি কারণ হয়ে দেখা দেয়। যেমনটি গেল ক’বছরে দুশ্চিন্তা আর ক্ষোভের জন্ম দিয়েছিল চীনের সাধারণ জনগণ আর ক্ষমতাসীন দলের মাঝেও। আর সেই ক্ষোভ এবং দুর্নীতি ও অপচয় রোধের কঠোর ব্রত থেকেই সম্প্রতি অভিনব এক আদেশ জারি করেছে দেশটির সরকার পরিচালনাকারী কমিউনিস্ট পার্টি। গেল শুক্রবার কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে জারি করা এক প্রজ্ঞাপনে নববর্ষের শুভেচ্ছা জানানো ও ক্যালেন্ডার ছাপানোতে সরকারি অর্থের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রজ্ঞাপনে বলা হয়, দিনে দিনে এ ধরনের মুদ্রণ ও প্রকাশনা যেমন সরকারি অর্থের অপচয়ের একটি কারণ হয়ে দাঁড়াচ্ছে তেমনি এর ফলে সরকারের অর্থও বাজে কাজে ব্যবহূত হচ্ছে। এ ছাড়া খরচের বোঝা বাড়ানো এ ধরনের শুভেচ্ছা কার্ডকে অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বলেও সরকারের তরফ থেকে জানানো হয়। সরকারের পক্ষ থেকে আরও বলা হয় যে, এখন থেকে এই আদেশটি সরকার ও ক্ষমতাসীন দলের সকল বিভাগ, রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প-কারখানা এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। যদিও বৈদেশিক সম্পর্ক রক্ষা করে কিংবা বিদেশে থাকা চীনা নাগরিকদের স্বার্থ সংশি¬ষ্ট কাজ করে এমন বিভাগগুলো চাইলে তাদের ব্যয় নিয়ন্ত্রণের পর ক্যালেন্ডার বা শুভেচ্ছা কার্ড তৈরি করতে পারে বলে জানানো হয়েছে সরকারি এই প্রজ্ঞাপনে। উল্লেখ্য, গত মার্চে দায়িত্ব নেওয়ার পর থেকেই চীনের বর্তমান রাষ্ট্রপতি জি জিনপিং তার পার্টির সদস্য ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডের কারণে জনমনে জন্ম নেওয়া ক্ষোভ দূর করতে এবং দুর্নীতি রোধ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসছেন। আর সরকারি অর্থে নববর্ষের শুভেচ্ছা পাঠানো বা ক্যালেন্ডার ছাপানোতে বিধিনিষেধ আরোপ তার সেই পদক্ষেপেরই অংশ।