নির্মাণ চলছে শিশুতোষ অনুষ্ঠান ‘পু’স প’

ছোট্ট দুরন্ত বিড়ালছানা ‘পু’। যার মজার মজার দুষ্টুমি সবসময় ভাবিয়ে তুলে জোজোকে। এই জোজো হলো ওর একমাত্র ঘনিষ্ঠ বিচক্ষণ বন্ধু। যে সব সময় ‘পু’-এর প্রতি খেয়াল রাখে ও তার যত্ন নেয়। পু এবং জোজোর এই বন্ধুত্বপূর্ণ ভালোবাসা নিয়েই গড়ে উঠেছে শিশুতোষ অনুষ্ঠান ‘পু’স প’। অনুষ্ঠানটির নির্মাতা মেহেদী হাসিব বলেন, ‘দেশীয় ভিজুয়্যাল গণমাধ্যমগুলোতে প্রচারিত শিশুদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ‘পু’স প’ হবে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। এর ২৩ মিনিটের প্রতিটি পর্ব হবে এমনই একটি শিশুতোষ সিরিয়াল যাতে শিশু-কিশোররা সহজেই অনুষ্ঠানের সঙ্গে নিজেদের একাত্ম করে ফেলবে।’ হাসিব আরও বলেন, ‘দুই বছরের চেষ্টার ফল এই ‘পু’স প’। শিশুতোষ এই সিরিয়ালের প্রতিটি পর্ব দেখে শিশুরা অনেক মজা তো পাবেই সেই সঙ্গে শিক্ষণীয় রয়েছে অনেক কিছু। বিশেষ করে ম্যানার বা আদব-কায়দা শেখার প্রতি জোর দেওয়া হয়েছে। একটি অ্যানিমেশন প্রোডাকশন তৈরি করতে অনেক খরচ বহন করতে হয়। যে কারণে একটি-দুইটি প্রোডাকশনের বেশি কেউ হাত দেয় না। তবে কোনো পৃষ্ঠপোষক যদি এগিয়ে আসে তাহলে শিশুদের নিয়ে আরও ব্যাপকভাবে কাজ করা সম্ভব।’ উল্লেখ্য, শিশুতোষ অনুষ্ঠান ‘পু’স প’-এর প্রচার শীঘ্রই চ্যানেলে শুরু হবে বলে হাসিব জানিয়েছেন।