যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে গুলিতে নিরাপত্তারক্ষী নিহত
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২০:৫৬
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার বন্দুকধারীর গুলিতে একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো সাতজন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে আহত বন্দুকধারীকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এসময় এ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত বিমানগুলোর যাত্রা স্থগিত করে দেয়া হয়। এছাড়া বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া বিমানগুলোকে অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হয়।
বিমানবন্দরের নিরপত্তা বিভাগের প্রধান প্যাট্রিক গ্যানোন সংবাদ সম্মেলনে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ঐ বন্দুকধারী তার ব্যাগ থেকে একটি সয়ংক্রিয় রাইফেল বের করে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। এতে বিমানবন্দরের এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তাকর্মীরা তাকে গুলি করে ফেলে দেয়। তবে এতে ঐ হামলাকারী কী পরিমাণ জখম হয়েছে তা তিনি জানাননি। বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে অবহিত করা হয়েছে বলে জানান গ্যানোন। গুলিবর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত যাত্রীদের ছোটাছুটিতে টার্মিনাল জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। যাত্রীরা লাগেজ ও বিভিন্ন আড়ালের আশ্রয় নিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। নিরাপত্তাকর্মীরা চিত্কার করে যাত্রীদের সতর্ক করার পর দ্রুত সবাইকে সরিয়ে নিয়ে টার্মিনালটি খালি করে ফেলে।
হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি জানিয়েছেন, হোয়াইট হাউসের কর্মকর্তারা ঘটনার দিকে নজর রাখছেন।