ভিনদেশে গোয়েন্দাগিরির বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব পেশ
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২০:৫৭
গোপনীয়তার অধিকার সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব পেশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদে জার্মানি ও ব্রাজিল। প্রস্তাবে প্রযুক্তির মাধ্যমে অন্য দেশে অত্যধিক গোয়েন্দাগিরি বন্ধের কথা বলা হয়েছে। এধরনের নজরদারির মাধ্যমে অবৈধভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। যা করার অধিকার কারো নেই।
নিজেদের দেশে মার্কিন গোয়েন্দা নজরদারির খবরে অত্যন্ত ক্ষুব্ধ জার্মানি ও ব্রাজিল। তারা অধিবেশনে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে যে, যোগাযোগের ওপর এই নজরদারি মানবাধিকার লংঘন। এমাসের শেষের দিকে খসড়া প্রস্তাবটির ওপর ভোটাভুটি হবে। এতে আন্তর্জাতিক আইন অনুযায়ী গোপনীয়তা রক্ষার অধিকারের কথা বলা হয়েছে। যদিও সাধারণ পরিষদের রেজুলেশন মানা বাধ্যতামূলক নয়। এটি কোন ব্যাপারে নৈতিক সমর্থন ও চাপ সৃষ্টি করতে পারে।
ব্রাজিল ও জার্মানির সরকার প্রধানসহ বিশ্বের অনেক নেতার ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরির অভিযোগ ওঠার পর এই প্রস্তাব উত্থাপন করা হলো। যুক্তরাষ্টের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সাবেক কর্মকর্তার স্নোডেনের তথ্য ফাঁসের পর ধরা পড়ে দেশটি বিশ্ব নেতৃবৃন্দের ওপর কতটা গোয়েন্দাগিরি করছে।
গত সপ্তাহে ইইউ শীর্ষ সম্মেলনেও প্রভাব ফেলে মার্কিন গোয়েন্দাগিরির বিষয়টি। সভায় জার্মান চ্যান্সেলর মার্কেল বিরক্তি প্রকাশ করেন।