সংবাদ কণিকা
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২০:৫৮
হ্যাক হয়েছিল প্রিন্স হ্যারির ভয়েসমেইল
যুক্তরাজ্যে ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’-এর ফোন হ্যাকিং কেলেঙ্কারির ঘটনায় হ্যাক করা হয়েছিল প্রিন্স হ্যারির একটি ভয়েসমেইল বার্তা। ওল্ড বেইলিতে ফোন হ্যাকিং মামলার শুনানি চলাকালে জুরি বোর্ডকে দেখানো হয়েছে হ্যাক করা বার্তার একটি অনুলিপি। প্রিন্স হ্যারি রাজকীয় সানধার্স্ট সামরিক একডেমিতে থাকার সময় তার এক সহযোগীর কাছে একটি নিবন্ধের ব্যাপারে সাহায্য চেয়ে ঐ বার্তা দিয়েছিলেন। নিউজ অব দ্য ওয়ার্ল্ডের এক সময়কার প্রতিবেদক ক্লি গুডম্যানের কাছ থেকে সমপ্রতি এ সংক্রান্ত নথি পাওয়া যায় বলে আদালতকে জানান কৌঁসুলি এন্ড্রু এডিস। —রয়টার্স
হারিয়ে যাচ্ছে হাতের লেখা!
প্রযুক্তির উন্নতির কারণে মানুষের হাতে-কলমে লেখার অভ্যাসটা কমে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট বা পরীক্ষার খাতাও এখন দেখা হয় অনলাইনে। তাই অভিভাবকরা এখন আর হাতের লেখার প্রতি তেমন একটা জোর দেন না। যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে একই চিত্র। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের ৪৫টির মধ্যে কিন্ডারগার্টেন থেকে হাই স্কুল পর্যন্ত জরিপ করে দেখা গেছে লেখার প্রতি এবং লেখা শেখানোর প্রতি আগ্রহ দিন দিন কমছে। লেখার চেয়ে টাইপিং শেখানোর প্রবণতা বেড়েছে স্কুলগুলোতে। —এপি
উভয়লিঙ্গের বৈশিষ্ট্যযুক্ত শিশুদের আইনি স্বীকৃতি
ইউরোপের প্রথম দেশ হিসেবে উভয়লিঙ্গের বৈশিষ্ট্যযুক্ত বাচ্চাদের ‘পুরুষও না, নারীও না’ এমন তালিকার অন্তর্ভুক্ত করে রেজিস্ট্রি করার আইনি সিদ্ধান্ত গ্রহণ করেছে জার্মানি। এর জন্য ‘অনির্ধারিত লিঙ্গ’ নামে লিঙ্গীয় বিবেচনার তৃতীয় একটি বিভাগ তৈরি করেছে দেশটি। এরপর থেকে জার্মানিতে জন্ম নেয়া শিশুদের লিঙ্গ নির্ধারণ করতে সমস্যা হলে তাদের পিতা-মাতা আইনানুযায়ী জন্মসনদে লিঙ্গের জায়গা ফাঁকা রাখতে পারবেন। বিবিসি