কপোতাক্ষের ভেড়িবাঁধ কেটে দেয়ায় তালায় নতুন এলাকা প্লাবিত

সাতক্ষীরা তালা উপজেলার বড়কাশীপুর এলাকায় কপোতাক্ষের ভেড়িবাঁধ কেটে দেওয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপর দিয়ে প্রায় ২ ফুট পানি প্রবাহিত হচ্ছে। এরফলে যে কোন সময় মহাসড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। প্রায় এক সপ্তাহ পূর্বে কপোতাক্ষের কাশীপুর ভেড়িবাঁধ কেটে দেয় দূর্বৃত্তরা। পানির চাপে ঐ এলাকার হাজার হাজার একর মত্স্যঘের, ফসলি জমি, শাক সবজির ক্ষেতসহ নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অনিশ্চিত হয়ে পড়েছে ইরি-বোরো চাষাবাদ। নগরঘাটা ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার জানান, কাশীপুর ভেড়িবাঁধ কেটে দেওয়ার ফলে ইউনিয়নের ৮০ ভাগ এলাকা প্লাবিত হয়েছে। যা ইতিপূর্বে কখনও ঘটেনি। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, বাঁধ কেটে নতুন করে জলাবদ্ধতার সমস্যা ঘটানো ঠিক হয়নি। এর ফলে প্লাবিত এলাকায় ঘটছে মানবিক বিপর্যয়।