ডোমারে বিদ্যুতের তার ছিঁড়ে
অগ্নিকাণ্ড, ৩ দোকান ভস্মীভূত
ডোমার (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২১:০০
ডোমার উপজেলা শহরে ১১ কেভি বিদ্যুত্ লাইনের তার ছিঁড়ে পড়ে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় হরতাল ডেকে বিদ্যুত্ অফিসে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ ব্যবসায়ী মহল ও এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল আটটার দিকে ডোমার উপজেলা শহরের স্টেশন সড়কে পিডিবি’র ১১ কেভি সরবরাহ লাইনের একটি তার ছিঁড়ে পড়লে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাজারের তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠান হাবিব গার্মেন্টস, আনসারী গার্মেন্টস ও আরিফুল ভ্যারাইটিস স্টোরের মালামাল ভস্মীভূত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সমাবেশ করে সকাল-সন্ধা হরতালের ডাক দেন। এরপর আন্দোলনকারীরা খণ্ড খণ্ড মিছিল করে উপজেলা সড়কে অবস্থিত পিডিবি’র কার্যালয় ঘেরাও করে সেখানে ভাংচুর চালায়।
পরে ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম দানুসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এলাকাবাসীর অভিযোগ, ঠিক একইভাবে একই স্থানে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাতে ১১ কেভি বিদ্যুতের সরবরাহ লাইনের তার ছিঁড়ে বিদ্যুতায়িত হয়ে সুমন চন্দ্র দাশ (২৫) নামের এক মুচি নিহত হন। আহত হন ১১ জন।
ডোমার বিদ্যুত্ বিভাগের আবাসিক প্রকৌশলী মনোরঞ্জন রায় বলেন, শর্ট সার্কিট অথবা ওভার কারেন্টের কারণে তারটি ছিঁড়ে পড়তে পারে। পিডিবি অফিসের আসবাবপত্র ও গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি। ঘটনার পর থেকে গোটা উপজেলা শহরে বিদ্যুত্ সরবরাহ বন্ধ ছিল।