নাসিরনগর এসিল্যান্ড অফিসে অচলাবস্থা
নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২১:০৩
নাসিরনগর এসিল্যান্ড অফিসে কর্মকর্তা-কর্মচারী সংকটে চরম অচলাবস্থা বিরাজ করছে। সহকারী কমিশনার (ভূমি) পদটি প্রায় চার বছর ধরে শূন্য থাকায় ভূমি উন্নয়ন ও রাজস্ব সংক্রান্ত কাজে উপজেলাবাসিকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা য়ায়, সহকারী কমিশনার শফিউল আজিম ২০০৩ সালে অন্যত্র বদলি হয়ে যান। দীর্ঘ ৪ বছর ধরে এ পদটি শূন্য থাকার পর ২০০৭ সালের ২১ নভেম্বর মো: আবদুল হাই সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। কিন্তু ২০০৯ সালের ২৬ এপ্রিল তিনিও পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হয়ে যান। তারপর থেকে পদটি শূন্য রয়েছে। এছাড়া সহকারী কমিশনার (ভূমি), ১ জন প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, ৬ জন অফিস সহকারী, ২ জন জারিকারক ও ২ জন এমএলএসএস (পিয়ন) পদের বিপরীতে মাত্র ২ জন অফিস সহকারী, ১ জন জারিকারক ও ১ জন এমএলএসএস (পিয়ন) কর্মরত আছে। বর্তমানে খারিজ ছাড়া সাব-রেজিস্ট্রি অফিসে কোন দলিল রেজিস্ট্রি হচ্ছে না। খারিজ বাধ্যতামূলক হওয়ায় এ কাজ করে থাকেন সহকারী কমিশনার (ভূমি)। ফলে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদটি দীর্ঘদিন যাবত্ শূন্য থাকায় সরকারের ভূমি রাজস্ব আদায়, খাসজমি বন্দোবস্ত, পুনরুদ্ধার, খাসজমি রেজিস্ট্রি, নামজারি, পর্চা প্রদান, ভূমি মালিকানা বিবাদ নিরসন, আবাসন প্রকল্পের নথি সৃজন ও ভূমি উন্নয়ন কর্মকাণ্ডসহ জমি-জমা সংক্রান্ত বিষয়ে লোকজনকে অফিসে এসে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী জনবল সংকটের কথা স্বীকার করে জানান, পদটি শূন্য থাকায় এসিল্যান্ডের সব কাজ আমাকেই সামাল দিতে হচ্ছে।